রাঙ্গাবালীতে ট্রলারডুবি, নদীতে ভেসে গেলো কৃষকের অধিকাংশ তরমুজ

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় তরমুজ বোঝাই একটি ট্রলার নদীতে ডুবে যাওয়ার ঘটনা ঘটেছে। এতে ট্রলারে থাকা বিপুল পরিমাণ তরমুজ নদীর স্রোতে ভেসে গেছে। ফলে বড় ধরনের ক্ষতির মুখে পড়েছে কৃষকরা। রোববার (১৫ মার্চ) বিকেলে চরমোন্তাজ ইউনিয়নের দারভাঙ্গা স্লুইসঘাট এলাকা থেকে পাশ্ববর্তী গলাচিপা উপজেলা যাওয়ার সময় এ ঘটনা ঘটে। বাজারজাত করার উদ্দেশে মিলন খানের মালিকানাধীন ট্রলারে করে তরমুজ চাষি ইলিয়াস গাজী তরমুজ পরিবহন করছিলেন। স্থানীয় সূত্রে জানা গেছে, নদীপথে কিছুদূর যাওয়ার পর হঠাৎ ট্রলারটি ভারসাম্য হারিয়ে নদীতে ডুবে যায়। এতে ট্রলারে থাকা তরমুজগুলো পানিতে পড়ে গিয়ে নদীর স্রোতে ভেসে যেতে শুরু করে। ঘটনার সময় আশপাশে থাকা অন্যান্য ট্রলারের লোকজন দ্রুত এগিয়ে এসে পানিতে ভেসে যাওয়া তরমুজ উদ্ধারের চেষ্টা করেন। তারা বেশ কিছু তরমুজ উদ্ধার করতে সক্ষম হলেও অধিকাংশ তরমুজ নদীর স্রোতে ভেসে যায়। স্থানীয় তরমুজ চাষীরা জানান, এ ঘটনায় কৃষক ইলিয়াস গাজীর ব্যাপক ক্ষতি হয়েছে। তরমুজ বিক্রির জন্য তিনি সেগুলো নদীপথে গলাচিপা নিয়ে যাচ্ছিলেন। কিন্তু ট্রলারডুবির ঘটনায় তার উৎপাদিত তরমুজের বড় একটি অংশ নদীতে ভেসে যাওয়ায় তিনি আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন। পটুয়াখালী জেলার রাঙ্গাবালী উপজেলা কৃষি কর্মকর্তা হলেন মো. আসাদুজ্জামান, একটি ভিডিওতে দেখেছি, তরমুজসহ একটি ট্রলার ডুবে গেছে। তবে বিষয়টি খোঁজখবর নিয়ে বিস্তারিত জানানো যাবে। মাহমুদ হাসান রায়হান/এনএইচআর/জেআইএম