শ্লীলতাহানির অভিযোগে বিএনপি নেতা পুলিশ হেফাজতে

লক্ষ্মীপুরের রায়পুরে কিশোরীকে শ্লীলতাহানির অভিযোগে শুক্কুর মিঝি নামে এক বিএনপি নেতাকে হেফাজতে নিয়েছে পুলিশ। সোমবার (১৬ মার্চ) বেলা ১১টার দিকে রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীন মিয়া জানান, শুক্কুরকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় আনা হয়েছে। শুক্কুর উপজেলার রায়পুর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি ও একই এলাকার বিশ্বাসের বাড়ির নুর ইসলামের ছেলে। থানা পুলিশ সূত্র জানায়, অভিযোগের ভিত্তিতে রোববার (১৫ মার্চ) সন্ধ্যায় বাড়ি থেকে শুক্কুরকে ধরে আনে পুলিশ। সোমবার এ প্রতিবেদন লেখা পর্যন্ত শুক্কুর থানা পুলিশ হেফাজতে ছিল। অভিযোগ সূত্র জানায়, ভুক্তভোগী কিশোরী (১৫) রায়পুর ইউনিয়নের দেবীপুর এলাকার বাসিন্দা এবং স্থানীয় জনকল্যাণ বহুমুখী উচ্চ বিদ্যালয়ের ছাত্রী। রোববার সকালে সে ময়লা ফেলতে ঘর থেকে বের হয়। এসময় বাড়ির গেইটের সামনে থাকা শুক্কুর পেছন থেকে তাকে জড়িয়ে ধরে পাশের অটোরিকশা রাখার কক্ষে নিয়ে যায়৷ সেখানে তার শ্লীলতাহানির চেষ্টা করা হলে সে চিৎকার দেয়। এতে তার খালা ও নানি চলে আসলে শুক্কুর পালিয়ে যায়। এ ঘটনায় কিশোরীর খালা থানায় শুক্কুরসহ ২ জনের নামে অভিযোগ দেয়। অপর অভিযুক্ত হচ্ছেন শুক্কুরের মেয়ে জামাই ও উপজেলা কৃষকদলের যুগ্ম আহ্বায়ক জালাল উদ্দিন রানা। তিনি ভুক্তভোগীদের আইনের আশ্রয়ে না যাওয়ার জন্য হুমকি দেয়। এ ব্যাপারে বক্তব্য জানতে বাদিকে কল দিলে তার মোবাইলফোন নম্বর বন্ধ পাওয়া যায়। জালাল উদ্দিন রানা বলেন, আমার শ্বশুরকে মিথ্যা অভিযোগ দিয়ে পুলিশে ধরিয়ে দিয়েছে। অভিযোগকারী আমার স্ত্রীর বান্ধবী। এজন্য ফোনে তাকে ঘটনাটি স্থানীয়ভাবে মীমাংসা করা জন্য বলেছিলাম। এজন্য আমার বিরুদ্ধেও হুমকির অভিযোগ আনা হয়েছে। রায়পুর থানার ওসি শাহীন মিয়া বলেন, শুক্কুরকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় আনা হয়েছে। তিনি আটক নন। অভিযোগকারী থানায় মামলা করবে না বলে জানিয়েছে। সমঝোতা হচ্ছে কি না এমন প্রশ্নে তিনি বলেন, সমঝোতার বিষয়ে বাদী জানে। এ বিষয়ে আমাদের জানা নেই। কাজল কায়েস/এনএইচআর/জেআইএম