অস্কারের মঞ্চে প্রথমবার উচ্চারিত হলো ‘ফ্রি প্যালেস্টাইন’

এবারের অস্কার পুরস্কার ঘোষণার মঞ্চে প্রথমবারের মতো সরাসরি ফিলিস্তিন প্রসঙ্গ উঠে এলো। সেরা আন্তর্জাতিক কাহিনিচিত্র বিভাগে মনোনীত ছবিগুলোর নাম ঘোষণার আগে এমন মন্তব্য করেন স্প্যানিশ অভিনেতা হাভিয়ের বারদেম। এই পুরস্কার উপস্থাপনার জন্য তার সঙ্গে মঞ্চে ছিলেন বলিউড তারকা প্রিয়াঙ্কা চোপড়া। মনোনীত ছবিগুলোর নাম ঘোষণার আগে সংক্ষিপ্ত বক্তব্যে হাভিয়ের বারদেম বলেন, ‘নো টু ওয়ার’ এবং ‘ফ্রি প্যালেস্টাইন’। অস্কারের এবারের আসর শুরু হওয়ার পর এটিই ছিল অনুষ্ঠানের মঞ্চ থেকে যুদ্ধ ও ফিলিস্তিন প্রসঙ্গে প্রথম সরাসরি মন্তব্য। বারদেমের এই বক্তব্য মুহূর্তেই দর্শকদের দৃষ্টি আকর্ষণ করে এবং সামাজিক যোগাযোগমাধ্যমেও তা নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়। হাভিয়ের বারদেম দীর্ঘদিন ধরেই মানবাধিকার ও শান্তির পক্ষে কথা বলে আসছেন। বিভিন্ন আন্তর্জাতিক ইস্যুতে তিনি খোলামেলা মতামত দেওয়ার জন্য পরিচিত। অস্কারের মতো বিশ্বব্যাপী আলোচিত অনুষ্ঠানের মঞ্চে তার এই মন্তব্য নতুন করে আলোচনার জন্ম দিয়েছে। এদিকে তার পাশে দাঁড়িয়ে থাকা প্রিয়াঙ্কা চোপড়া সেরা আন্তর্জাতিক কাহিনিচিত্র বিভাগের মনোনীত ছবিগুলোর নাম ঘোষণা করেন। পরে নির্ধারিত প্রক্রিয়ায় বিজয়ী ছবির নামও ঘোষণা করা হয়। বিশ্ব চলচ্চিত্রের সবচেয়ে মর্যাদাপূর্ণ এই আয়োজন অ্যাকাডেমি অ্যাওয়ার্ডসের মঞ্চে এমন মন্তব্য অনেক সময়ই আন্তর্জাতিক রাজনীতি ও মানবিক ইস্যু নিয়ে নতুন আলোচনার জন্ম দেয়। এবারও হাভিয়ের বারদেমের সংক্ষিপ্ত মন্তব্য সেই আলোচনাকেই আরও উসকে দিয়েছে।   এলআইএ