মুন্সীগঞ্জ সদর উপজেলার মেঘনা নদীর একটি শাখা নদীতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়ার এক দিন পর আবির হোসেন (১৫) নামে এক স্কুলছাত্রের মরদেহ উদ্ধার করা হয়েছে।সোমবার (১৬ মার্চ) সকাল ১০টার দিকে নলবুনিয়াকান্দি এলাকার গুদারাঘাট সংলগ্ন নদীর তলদেশ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। নিহত আবির মুন্সীগঞ্জ উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্র। তিনি সদর উপজেলার সৈয়দপুর এলাকার মো. আকতার হোসেনের ছেলে। আরও পড়ুন: পাবনায় একদিনে পানিতে ডুবে ও ট্রেনে কাটা পড়ে ২ জনের এর আগে রোববার দুপুরে বন্ধুদের সঙ্গে নদীতে গোসল করতে নেমে নিখোঁজ হয় আবির। মুন্সীগঞ্জ ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক মুহাম্মদ সফিকুল ইসলাম জানান, চার বন্ধু একসঙ্গে নদীতে গোসল করতে নামে। তাদের মধ্যে তিনজন সাঁতরে উঠতে পারলেও আবির নিখোঁজ হয়ে যায়। খবর পেয়ে মুন্সীগঞ্জ ফায়ার স্টেশনের ডুবুরি দল উদ্ধার অভিযান শুরু করে। পরে সোমবার সকাল ১০টা ১০ মিনিটে প্রায় ২০ ফুট পানির নিচ থেকে আবিরের মরদেহ উদ্ধার করা হয়। উদ্ধার করা মরদেহ পরবর্তী আইনগত ব্যবস্থা নেয়ার জন্য পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে বলেও জানান মুহাম্মদ সফিকুল ইসলাম। এ ঘটনায় স্বজন ও স্থানীয়দের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।