খুলনায় দুর্বৃত্তের গুলিতে রাশিকুল আনাম রাশু নামে এক যুবক নিহত হয়েছেন। সোমবার (১৬ মার্চ) বেলা সাড়ে ১১ টার দিকে নগরীর দৌলতপুর থানাধীন কেডিএ কল্পতরু মার্কেটের সামনে এ ঘটনা ঘটে।স্থানীয়রা জানায়, রাশু রাজনীতির পাশাপাশি কেডিএ কল্পতরু মার্কেটের পাশে ইট বালুর ব্যবসা করতেন। সোমবার সকালে তিনি ব্যবসা প্রতিষ্ঠানে ছিলেন। এ সময় কয়েকজন দুর্বৃত্ত তাকে লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি ছোড়ে। একটি গুলি মাথায় বিদ্ধ হলে মাটিতে লুটিয়ে পড়েন। পরবর্তীতে স্থানীয়রা তাকে চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহত যুবক দৌলতপুর থানা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক ছিলেন। বর্তমানে তিনি যুবদলের রাজনীতির সাথে জড়িত ছিলেন। এছাড়া দৌলতপুর যুবদলের সাধারণ সম্পাদক প্রার্থী ছিলেন। তিনি দৌলতপুর থানাধীন দেয়ানা এলাকার বাসিন্দা শরীফুল আনামের ছেলে। আরও পড়ুন: নারায়ণগঞ্জে যুবদল নেতার ব্যবসা প্রতিষ্ঠানে হামলা, কুপিয়ে কর্মীর কবজি বিচ্ছিন্ন দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম বলেন, সকালে একটি মোটরসাইকেলে ৩ জন দুর্বৃত্ত এসে রাশুর ওপর হামলা গুলি চালায়। কি কারণে এই হত্যা বা কারা জড়িত তদন্তে পুলিশের একাধিক টিম কাজ করছে।