গরুকে ঘাস খাওয়াচ্ছিলেন কৃষক, ট্রাক কেড়ে নিল দুজনেরই প্রাণ

কিশোরগঞ্জের কটিয়াদীতে অটোরিকশার আকস্মিক সাইড পরিবর্তনের কারণে নিয়ন্ত্রণ হারানো একটি ট্রাকের চাপায় ইমন মিয়া (২৬) নামে এক কৃষকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। একই ঘটনায় তার সাথে থাকা গরুটিরও প্রাণ গেছে।সোমবার (১৬ মার্চ) সকাল ১১টার দিকে ভৈরব-কিশোরগঞ্জ আঞ্চলিক সড়কের আচমিতা ইউনিয়ন জর্জ ইনস্টিটিউট উচ্চ বিদ্যালয় সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত ইমন কটিয়াদী উপজেলার আচমিতা ইউনিয়নের চাড়িপাড়া এলাকার খালেক মিয়ার ছেলে।  স্থানীয় সূত্রে জানা যায়, কটিয়াদী থেকে একটি অটোরিকশা আচমিতা বাজারের দিকে যাচ্ছিল। পথে সড়কের উঁচু স্থান দেখে চালক কোনো ধরনের সিগন্যাল না দিয়েই আচমকা সাইড পরিবর্তন করেন। এসময় বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। ট্রাকটি সড়কের পাশে গরুকে ঘাস খাওয়ানো অবস্থায় কৃষক ইমনকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তিনি ও তার গরুটি মারা যায়। আরও পড়ুন: কিশোরগঞ্জে ঈদের আগে ৮ দোকানির স্বপ্ন পুড়ে ছাই কটিয়াদী হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খোরশেদ আলম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘ট্রাকের ধাক্কায় গরুসহ কৃষকের মৃত্যু হয়েছে। উল্টে যাওয়া ট্রাকটি উদ্ধারের চেষ্টা চলছে। পরবর্তী আইনি পদক্ষেপ প্রক্রিয়াধীন রয়েছে।’