ইউজিসির চেয়ারম্যান পদ ছাড়তে অধ্যাপক ফায়েজের আবেদন

‎শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে অব্যাহতি চেয়েছেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান অধ্যাপক ড. এস এম এ ফায়েজ।সোমবার (১৬ মার্চ) সকালে তিনি শিক্ষা মন্ত্রণালয়ে অব্যাহতিপত্র পাঠান। শিক্ষা মন্ত্রণালয় সূত্রে এ তথ্য জানা গেছে। ‎ অধ্যাপক ফায়েজ চেয়ারম্যান পদ থেকে অব্যাহতির আবেদনে উল্লেখ করেছেন, ২০২৪ সালের ৫ সেপ্টেম্বর বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান পদে যোগদান করি। শারীরিক অসুস্থতাজনিত কারণে আমি কমিশনের চেয়ারম্যান পদের দায়িত্ব পালনে অপারগতা প্রকাশ করছি। তিনি আরও বলেন, ‎এ অবস্থায় আমার বর্তমান শারীরিক অবস্থা বিবেচনাপূর্বক বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান পদ থেকে অব্যাহতি দেয়ার বিষয়ে পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার জন্য অনুরোধ জানাচ্ছি। আরও পড়ুন: চার শর্তে ঢাবিতে খেলোয়াড় কোটায় ভর্তির বিজ্ঞপ্তি প্রকাশ  ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সাবেক ভিসি অধ্যাপক ফায়েজ প্রতিষ্ঠানটির মৃত্তিকা, পানি ও পরিবেশ বিভাগের সাবেক অধ্যাপক। এস এম এ ফায়েজ বাংলাদেশ সরকারি কর্ম কমিশনেরও সাবেক চেয়ারম্যান। বিএনপি নেতৃত্বাধীন চারদলীয় জোট সরকারের আমলে ২০০২ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২৬তম উপাচার্য পদে নিয়োগ পেয়েছিলেন তিনি।