হেরেও গর্বিত শাহিন, তরুণদের পারফরম্যান্সে ইতিবাচক কোচ হেসন

বাংলাদেশের বিপক্ষে সদ্য সমাপ্ত ওয়ানডে সিরিজটা ভালো কাটেনি পাকিস্তানের। প্রথম ম্যাচে নাহিদ রানার গতির কাছে রীতিমতো পর্যদুস্ত হয়েছে শাহিন শাহ আফ্রিদির দল। তবে সেখান থেকে পরের দুই ম্যাচে ঘুরে দাঁড়িয়েছে পাকিস্তান। দ্বিতীয় ম্যাচে বাংলাদেশকে বড় ব্যবধানে হারানোর পর তৃতীয় ম্যাচেও লড়াই করে হেরেছে দলটি। দলের এমন পারফরম্যান্সে গর্বিত কোচ এবং অধিনায়ক। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে পাকিস্তানের কোচ মাইক হেসন জানান, নতুন দল হলেও বাংলাদেশে তরুণ ক্রিকেটারদের পারফরম্যান্সে বেশ আশাবাদী তিনি।এ প্রসঙ্গে হেসন বলেন,  ‘এটা নতুন ধাঁচের ওয়ানডে দল। ঘরের মাঠে এর আগে দুইটি সিরিজ জিতেছি আমরা। সেখানেও শাহীন (শাহ আফ্রিদি) নেতৃত্বে ছিল। আমরা এই সিরিজের দলে কিছু বদল এনেছি। তরুণদের দেখার সুযোগ ছিল। এই সিরিজে তারা ইতিবাচক ঝলক দেখিয়েছে।’তরুণ ক্রিকেটারদের নিয়ে দল চালানোর ক্ষেত্রে শাহিন আফ্রিদির দক্ষতার প্রশংসাও করেছেন হেসন৷ তার মতে, ‘(শাহিন) ভালো করেছে। তরুণদের নিয়ে দল চালানো সহজ নয়। সে সবসময় ইতিবাচক ছিল। সবাইকে উজ্জীবিত রাখার চেষ্টা করেছে। কৌশলের দিক থেকেও স্মার্ট ছিল। নিজের পারফরম্যান্সও ভালো ছিল। সব মিলিয়ে ভালো সিরিজ গেল।’ম্যাচ শেষে পাকিস্তান অধিনায়ক শাহিনের কন্ঠেও ছিল তৃপ্তির ঢেকুর। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে দলের পারফরম্যান্স নিয়ে তিনি বলেন, ‘সত্যিই দল নিয়ে গর্বিত। আমরা তরুণদের সুযোগ দিয়েছি এবং শেষ বল পর্যন্ত লড়াই করেছি। আঘা সবসময় স্পিনার এবং ফাস্ট বোলারদের খেলতে পছন্দ করে। সে অনেক দিন ধরে ভালো ইনিংস খেলছে। তরুণরা প্রথমবারের মতো একদিনের ম্যাচে এসেছে। তারা যেভাবে খেলেছে তাতে সত্যিই গর্বিত এবং আমরা তাদের সমর্থন করব।’ আরও পড়ুন: মিডিয়া স্বত্ব বিক্রির প্রক্রিয়া শুরু করেছে বিসিবি, যারা আবেদন করতে পারবেতরুণ ক্রিকেটারদের পাশে থাকার বার্তা দিয়ে শাহিন বলেন, ‘ওদের আরও কঠোর পরিশ্রম করতে হবে এবং সব বিভাগেই ফিট থাকতে হবে। কিন্তু তারা তরুণ এবং ভালো ক্রিকেট খেলেছে। আমরা তাদের সমর্থন করব।’এদিকে, ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে বাংলাদেশি ব্যাটার তানজিদ তামিমকে প্রশংসায় ভাসিয়েছেন পাকিস্তানের কোচ হেসন। তিনি বলেন, ‘(তানজিদ) তামিম প্রথম ইনিংসে দারুণ খেলেছে। আমরা যেখানেই মিস করেছি, সেখানেই সে সুযোগ কাজে লাগিয়েছে। রান তোলার কোনো সুযোগ সে ছেড়ে দেয়নি। সোজা বলে সে তুলে মেরেছে। কিছুটা বাইরের বলে অফ সাইডে মেরে দিয়েছে। লাইন মিস করলেই সে তা কাজে লাগিয়েছে। স্পিনের বিপক্ষে দারুণ স্লগ সুইপ খেলেছে। ক্রিজের গভীরতা কাজে লাগিয়েছে। রিভার্সও খেলেছে। সব মিলিয়ে ভালো ইনিংস ছিল। ভালো স্কোরের ভিত গড়ে দিয়েছিল তার ইনিংস।’ম্যাচ হারের কারণ নিয়ে হেসনের দৃষ্টিভঙ্গি, ‘শেষ ৩৫ ওভারের বোলিং নিয়েই আমি খুশি। প্রথম ১৫ ওভারে কিছুটা এলোমেলো ছিলাম আমরা। পরের ৩৫ ওভারে খেলায় ফিরেছি। শেষ ১০ ওভারে গতির পরিবর্তন, রিভার্স কাজে লাগিয়েছি। ম্যাচটাও হাতের নাগালে ছিল। ওরা ৩২০ রান করে ফেললে আমাদের আর সুযোগ ছিল না। ভালো কিছু ব্যাপার ছিল। তারা সিরিজ জিতেছে ঠিক আছে, তবে আমাদের তরুণ কিছু তারকা দারুণ করেছে।’