আশুলিয়ার বাইপাইল বাসস্ট্যান্ডে চাঁদাবাজির বিরুদ্ধে প্রতিবাদ ও প্রতিরোধ করায় একটি গ্রুপ আশুলিয়ায় শ্রমিক দলের বিরুদ্ধে অপপ্রচার করছে এমন অভিযোগ এনে সংবাদ সম্মেলন করেছেন দলটি নেতারা।সোমবার (১৬ মার্চ) দুপুরে বাইপাইল এলাকায় থানা শ্রমিক দলের কার্যালয়ে এ সংবাদ সম্মেলন করেন তারা।এসময় সংগঠনটির আশুলিয়া থানা শাখার সভাপতি আবিদুর রহমান পাষাণ অভিযোগ করে বলেন, ৫ আগস্টের পরে থেকে বিভিন্ন সময়ে আশুলিয়ার বাইপাইল এলাকায় পরিবহনে চাঁদাবাজির সময় চাঁদাবাজদের আটক করে প্রশাসনের কাছে তুলে দেয়া হয়। তারা আওয়ামী লীগের আমলে চাঁদাবাজি করত। এরপর আমরা এর প্রতিরোধ করলে আওয়ামী লীগের দোসররা আমার বিরুদ্ধে বিভিন্ন মাধ্যমে ভুয়া অপপ্রচার চালাচ্ছে।এসময় এমন অপপ্রচারের নিন্দা জানিয়ে কুচক্রী মহলকে আইনের আওতায় আনার দাবি জানান তিনি।আবিদুর রহমান বলেন, বাইপাইল এলাকায় চাঁদাবাজির নেতৃত্ব দেন জিএম মিন্টু ওরফে ওয়েলকাম মিন্টু। তিনি বিগত সময়ে বিভিন্ন চাঁদাবাজিসহ বিভিন্ন মামলায় পুলিশের হাতে আটক হয়েছেন। যা সবাই জানে এবং বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় প্রচার হয়েছে।এছাড়াও শ্রমিক দলের এই সভাপতি বলেন, আশুলিয়া এলাকায় সব ধরনের চাঁদাবাজি প্রতিরোধে শ্রমিক দল সবসময় কাজ করে যাবে। এ বিষয়ে যারা সহযোগিতা করবে, তাদের সাথে মিলেমিশে কাজ করার কথাও জানান তিনি। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন থানা শ্রমিক দলের সাধারণ সম্পাদক রবিউল ইসলামসহ অন্যান্য নেতাকর্মীরা।