খাল খননে প্রাকৃতিক ভারসাম্য রক্ষা হবে, বাড়বে কর্মসংস্থান: পরিবেশ প্রতিমন্ত্রী

দেশব্যাপী নদী-নালা, খাল ও জলাধার খনন এবং পুনঃখনন কর্মসূচির অংশ হিসেবে বাগেরহাটে সাতবাড়িয়া খাল খনন কাজের উদ্বোধন করা হয়েছে। পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম এই কর্মসূচির উদ্বোধন করে বলেন, খাল খননের ফলে প্রাকৃতিক ভারসাম্য সুরক্ষিত হওয়ার পাশাপাশি সেচ সুবিধা নিশ্চিত হবে এবং সাধারণ মানুষের ব্যাপক কর্মসংস্থান সৃষ্টি হবে।সোমবার (১৬ মার্চ) দুপুরে জেলার ফকিরহাট উপজেলার সাতবাড়িয়া এলাকায় এই খাল পুনঃখনন কাজের উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দিয়ে এসব কথা বলেন পরিবেশ প্রতিমন্ত্রী। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে শেখ ফরিদুল ইসলাম বলেন, ‘আমরা যদি খাল খননের এই কাজ সফলভাবে করতে পারি, তাহলে সাধারণ মানুষের কর্মসংস্থান হবে। বিশেষ করে দরিদ্র কৃষকরা সেচ সুবিধা পেয়ে সবজিসহ বিভিন্ন ধরনের ফসল উৎপাদন করতে পারবেন। এর মাধ্যমে তারা আর্থিকভাবে স্বাবলম্বী হবেন।’ বর্তমান সরকারের নানা পদক্ষেপ তুলে ধরে প্রতিমন্ত্রী বলেন, ‘শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান মুক্তিযুদ্ধে এবং পরবর্তীতে দেশের ক্রান্তিকালে হাল ধরে একটি দরিদ্রপীড়িত বাংলাদেশকে কৃষি স্বনির্ভর দেশে পরিণত করেছিলেন। তারই সুযোগ্য সন্তান তারেক রহমান আজ আমাদের দেশের প্রধানমন্ত্রী। আমাদের অনেকের হাতে এখনো ভোটের কালির দাগ রয়ে গেছে। এরই মধ্যে আমরা নির্বাচনের প্রতিশ্রুতি অনুযায়ী দেশব্যাপী নদী-নালা-খাল ও জলাধার খনন ও পুনঃখনন কর্মসূচির কাজ শুরু করেছি। জনগণের কল্যাণে সরকার প্রতিশ্রুতিবদ্ধ।’ তিনি আরও জানান, বাগেরহাট জেলার ৯টি উপজেলায় যেসব খাল রয়েছে, সেগুলো পুনরুদ্ধার করার জন্য ইতোমধ্যে প্রশাসনের সাথে কথা বলা হয়েছে। প্রশাসন এসব খাল শনাক্ত করছে। পর্যায়ক্রমে সব খাল খনন করে একটি আলোকিত জনপদ গড়ার লক্ষ্যে সবার সহযোগিতা কামনা করেন তিনি। আরও পড়ুন: বাগেরহাটে পিকআপচাপায় পথচারী নিহত উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, ফকিরহাট উপজেলার সাতবাড়িয়ায় তিন কিলোমিটার দৈর্ঘ্য, ৪৫ ফুট চওড়া ও প্রায় ১০ ফুট গভীর করে খালের পুনঃখনন কাজ বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশনের (বিএডিসি) মাধ্যমে সম্পন্ন করা হবে। এতে ওই এলাকার ৬৫০ হেক্টর জমি আবাদের আওতায় আসবে এবং প্রায় দেড় হাজার কৃষক সরাসরি উপকৃত হবেন। অনুষ্ঠানে বাগেরহাট জেলা প্রশাসক গোলাম মো. বাতেনের সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন বাগেরহাট-১ আসনের সংসদ সদস্য অধ্যক্ষ মো. মশিউর রহমান খান, বাগেরহাট-২ আসনের সংসদ সদস্য শেখ মনজুরুল হক রাহাত, বাগেরহাটের পুলিশ সুপার মোহাম্মদ হাছান চৌধুরী বিপিএম, বিএডিসির তত্ত্বাবধায়ক প্রকৌশলী মো. আব্দুল্লাহ আল রশিদ এবং বাগেরহাট কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপপরিচালক মো. মোতাহার হোসেন। এ ছাড়া ফকিরহাট উপজেলা বিএনপির সভাপতি শেখ কামরুল ইসলাম গোরা, সাধারণ সম্পাদক শেখ শরিফুল কামাল কারিম, বীর মুক্তিযোদ্ধা নুর মোহাম্মদ এবং স্থানীয় উপকারভোগী মো. নাজমুল ইসলামসহ অন্যরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।