বরিশালের হিজলা উপজেলায় একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পরিত্যক্ত টয়লেটের ট্যাংকি থেকে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।সোমবার (১৬ মার্চ) সকালে উপজেলার ধুলখোলা ইউনিয়নের পশ্চিম পালপাড়া এলাকার পালপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কাম সাইক্লোন শেল্টার প্রাঙ্গণ থেকে লাশটি উদ্ধার করা হয়।নিহত যুবকের নাম মনির হোসেন রাড়ী (২২)। তিনি উপজেলার ধুলখোলা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের বাসিন্দা সুলতান রাড়ীর ছেলে। জীবিকার তাগিদে তিনি মাছ শিকারসহ বিভিন্ন ধরনের কাজ করতেন বলে স্থানীয়রা জানিয়েছেন।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার সকালে বিদ্যালয়ের পাশের বাড়ির কয়েকজন শিশু গাছের ঝরা পাতা সংগ্রহ করতে গিয়ে পরিত্যক্ত টয়লেটের ট্যাংকির ভেতরে একটি লাশ দেখতে পায়। পরে তারা চিৎকার করলে স্থানীয়রা সেখানে ছুটে আসেন এবং বিষয়টি হিজলা থানা পুলিশকে জানান।খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ট্যাংকির ভেতর থেকে লাশটি উদ্ধার করে। এ সময় ঘটনাস্থলে শতাধিক উৎসুক মানুষ ভিড় করেন।আরও পড়ুন: মুন্সীগঞ্জে বন্ধুদের সঙ্গে নদীতে গোসলে নেমে নিখোঁজ স্কুলছাত্রের মরদেহ উদ্ধারবরিশাল হিজলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আদিল হোসেন জানান, উদ্ধার হওয়া লাশটি প্রথমে অজ্ঞাত ছিল। পরে স্থানীয়দের মাধ্যমে নিহতের পরিচয় শনাক্ত করা হয়েছে।তিনি বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে দুর্বৃত্তরা পরিকল্পিতভাবে যুবককে হত্যা করে লাশটি টয়লেটের ট্যাংকির ভেতরে ফেলে রেখে গেছে। লাশের শরীর ও মুখমণ্ডলে আঘাতের চিহ্ন পাওয়া গেছে, যা হত্যাকাণ্ডের ইঙ্গিত দেয়।ওসি আরও জানান, ঘটনার রহস্য উদঘাটনে পুলিশের একাধিক টিম মাঠে কাজ শুরু করেছে এবং তদন্তে সহায়তার জন্য সিআইডিকেও অবহিত করা হয়েছে।আইনি প্রক্রিয়া শেষে মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হবে বলে জানান তিনি। এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও জানিয়েছেন পুলিশ কর্মকর্তা।