প্রধানমন্ত্রী তারেক রহমানের উদ্যোগে দেশব্যাপী নদী-নালা, খাল ও জলাশয় খনন এবং পুনঃখনন কর্মসূচির অংশ হিসেবে মৌলভীবাজারে কাটাগাং খালের খনন কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। এর মাধ্যমে এলাকার কৃষি সেচব্যবস্থার উন্নয়ন ও জলাবদ্ধতা দূর হবে বলে আশা করা হচ্ছে।সোমবার (১৬ মার্চ) দুপুরে সদর উপজেলার গিয়াসনগর ইউনিয়নে প্রায় ৪ কিলোমিটার দীর্ঘ এই খাল খনন কাজের উদ্বোধন করেন শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী। উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার-৩ আসনের সংসদ সদস্য এম নাসের রহমান। মৌলভীবাজারের জেলা প্রশাসক তৌহিদুজ্জামান পাভেলের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন পুলিশ সুপার মোহাম্মদ বিল্লাল হোসেন, জেলা পরিষদ প্রশাসক মিজানুর রহমান মিজান এবং বিএডিসির প্রধান প্রকৌশলী (সেচ) মুহাম্মদ বদরুল আলমসহ স্থানীয় প্রশাসনের কর্মকর্তারা। আরও পড়ুন: ইফতারের আগে বড় ভাইয়ের ছুরিকাঘাতে ছোট ভাই খুন অনুষ্ঠানে বক্তারা বলেন, ‘দীর্ঘদিন ধরে পলি জমে ভরাট হয়ে যাওয়া এই খালটি পুনঃখননের ফলে কৃষি সেচব্যবস্থা উন্নত হবে এবং স্থানীয় গ্রামীণ অর্থনীতিতে ব্যাপক পরিবর্তন আসবে। একই সঙ্গে বর্ষা মৌসুমে অতিরিক্ত পানি দ্রুত নিষ্কাশনের সুযোগ তৈরি হবে, যা এলাকার পরিবেশগত ভারসাম্য রক্ষায়ও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।’ জেলা প্রশাসনের তত্ত্বাবধানে পরিচালিত এই কর্মসূচির মাধ্যমে কাটাগাং খালের নাব্যতা পুনরুদ্ধার করা হবে। এতে স্থানীয় কৃষকরা সরাসরি উপকৃত হবেন এবং এলাকার কৃষি উৎপাদন বহুগুণ বৃদ্ধি পাবে বলে আশা প্রকাশ করেন সংশ্লিষ্টরা।