ম্যানেজিং কমিটিতে শিক্ষাগত যোগ্যতা শিথিলের আলোচনার মধ্যেই চূড়ান্ত সিদ্ধান্ত জানিয়েছে সরকার।সোমবার (১৬ মার্চ) সচিবালয়ে সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন জানান, ডিগ্রি কলেজ ছাড়া বাকি শিক্ষা প্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটির সভাপতিকে স্নাতক পাস হতে হবে। এর আগে গত ১৩ মার্চ চাঁদপুরের কচুয়ায় জাতীয় শিক্ষা সপ্তাহ উপলক্ষে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার ও প্রতিবন্ধী মানুষের মধ্যে হুইল চেয়ার বিতরণ শেষে উপস্থিত সাংবাদিকদের প্রশ্নের জবাবে শিক্ষামন্ত্রী বলেছিলেন, ম্যানেজিং কমিটিতে শিক্ষাগত যোগ্যতা শিথিল করার প্রশ্নই ওঠে না। এর আগে বিভিন্ন গণমাধ্যমে খবর প্রকাশ হয় দেশের বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটি ও গভর্নিং বডির সভাপতি পদের জন্য নির্ধারিত ন্যূনতম স্নাতক পাসের শর্ত বাতিল করতে যাচ্ছে সরকার। প্রবিধানমালা সংশোধনের মাধ্যমে এই পদের শিক্ষাগত যোগ্যতার বাধ্যবাধকতা শিথিল করা হচ্ছে। আরও পড়ুন: ম্যানেজিং কমিটিতে শিক্ষাগত যোগ্যতা শিথিলের প্রশ্নই ওঠে না: শিক্ষামন্ত্রী ১০ মার্চ ‘বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে গভর্নিং বডি ও ম্যানেজিং কমিটি প্রবিধানমালা-২০২৪’ সংক্রান্ত পর্যালোচনা সভায় এ সিদ্ধান্ত নেয়া হয় বলে জানা যায়। এ খবর প্রকাশ্যে আসার পর দেশব্যাপী ব্যাপক সমালোচনা শুরু হয়।