প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের মন্ত্রী মো. আরিফুল হক চৌধুরী বলেছেন, খাল কাটা কর্মসূচি বাস্তবায়নের মাধ্যমে দেশে সেচব্যবস্থা উন্নত হবে এবং কৃষিতে দ্বিগুণ থেকে তিনগুণ ফসল উৎপাদন বাড়বে। সোমবার (১৬ মার্চ) দুপুরে মৌলভীবাজার সদর উপজেলার গিয়াসনগর ইউনিয়নের আনিকেলি বড় এলাকায় কাটাগাং খাল পুনঃখনন কাজের আনুষ্ঠানিক উদ্বোধন শেষে তিনি এ কথা বলেন। মন্ত্রী বলেন, বিগত সময়ে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যে খালকাটা কর্মসূচি দিয়েছিলেন এর সুফল দেশের প্রতিটি মানুষ পেয়েছে। খাদ্যের দ্বিগুণ আমরা উৎপাদন করতে পেরেছিলাম। রবিশস্য থেকে শুরু করে প্রতিটা ক্ষেত্রে কর্মসংস্থান হয়েছিল মানুষের একটা আলাদা উৎস। সেটা পরিকল্পিতভাবে বন্ধ করে দেওয়া হয়েছিল। মনু নদী থেকে পানি তুলে সেচ দেয়ার স্থানীয় কৃষকদের দাবীর প্রসঙ্গে মন্ত্রী বলেন, ইতিমধ্যেই বিএডিসি কর্তৃক প্রকল্প গ্রহণ করা হয়েছে। আশা করি প্রকল্পের কাজ শিগগিরই শুরু হবে। এখানকার মানুষ এর সুফল পাবেন। এসময় উপস্থিত ছিলেন- মৌলভীবাজার ৩ আসনের সংসদ সদস্য এম নাসের রহমান, জেলা প্রশাসক তৌহিদুজ্জামান পাভেল, পুলিশ সুপার মোহাম্মদ বিল্লাল হোসেন, জেলা পরিষদের প্রশাসক মো. মিজানুর রহমান, বিএডিসির প্রধান প্রকৌশলী মো. বদরুল আলম প্রমুখ। এম ইসলাম/এএইচ/এমএস