ভালভার্দের ব্রাজিলিয়ান পাসপোর্ট না থাকার আক্ষেপ আনচেলত্তির

ম্যানচেস্টার সিটির বিপক্ষে চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোর ম্যাচের আগে রিয়াল মাদ্রিদের ড্রেসিংরুম পরিণত হয়েছিল হাসপাতালে। কিলিয়ান এমবাপ্পে, জুড বেলিংহ্যাম, রদ্রিগোদের চোটের সঙ্গে ভিনিসিউসের গোলখরা–সব মিলিয়ে কোচ আলভারো আরবেলোয়ার কপালে দুশ্চিন্তার ভাঁজ গাঢ় হয়েছিল। আর এমন সময়েই ত্রাতা 'অলরাউন্ডার' ফেদেরিকো ভালভার্দে। দুর্দান্ত হ্যাটট্রিকে রিয়ালকে ৩-০ গোলের জয়ে কোয়ার্টার ফাইনালের চৌকাঠে প্রায় পৌঁছে দিয়েছেন। ভালভার্দের এমন পারফরম্যান্সে অবশ্য অবাক হননি সাবেক গুরু কার্লো আনচেলত্তি।রিয়াল মাদ্রিদে 'সকল কাজের কাজী' ফেদেরিকো ভালভার্দে। সাবেক কোচ কার্লো আনচেলত্তির সময় মাঝমাঠের বিভিন্ন পজিশন তো বটেই, রক্ষণভাগেও খেলতে দেখা গেছে এই উরুগুইয়ানকে। নতুন কোচ আলভারো আরবেলোয়ার হাত ধরে আক্রমণভাগেও ক্যারিশমা দেখালেন ভালভার্দে। ম্যানচেস্টার সিটির বিপক্ষে চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোর প্রথম লেগের ম্যাচটা রীতিমতো ওয়ান ম্যান শোয়ে পরিণত করেছিলেন 'এল ফ্যালকন'। অধিনায়কের দুর্দান্ত হ্যাটট্রিকে রিয়ালও পেয়েছে বড় জয়।সাবেক শিষ্য'র এমন জাদুকরী পারফরম্যান্সে বিস্মিত হননি ব্রাজিল জাতীয় দলের কোচ কার্লো আনচেলত্তি। রিয়ালে ভালভার্দের উত্থান তো তার হাত ধরেই, শিষ্য কি করতে পারেন তা ভালোই জানা এই ইতালিয়ান কোচের।রেডিও মার্কার ২৫ বছর পূর্তি উপলক্ষে স্পেনের এই ক্রীড়া রেডিও স্টেশনটি ব্রাজিলিয়ান ফুটবল কনফেডারেশনের (সিবিএফ) সদর দপ্তরে গিয়েছিল ইতালিয়ান কোচের ক্যারিয়ারকে সম্মান জানাতে। সেই সাক্ষাৎকারে আনচেলোত্তি ব্রাজিলে তার প্রথম কয়েক মাসের অভিজ্ঞতা, রিয়াল মাদ্রিদের সঙ্গে সম্পর্ক, ক্লাবের খেলোয়াড়দের সঙ্গে যোগাযোগ, গত কয়েক দশকে ফুটবলের পরিবর্তন এবং ভিনিসিউস জুনিয়র ও ভালবার্দের মতো খেলোয়াড়দের নিয়ে নিজের মতামত তুলে ধরেন। আরও পড়ুন: আটালান্টার বিপক্ষে খেলার জন্য একজন গোলরক্ষকও নেই, বায়ার্ন মিউনিখ কী করবেভালভার্দের পারফরম্যান্স অবাক করেছে কি–না এমন প্রশ্নের জবাবে আনচেলত্তি বলেন, 'না, আমাকে অবাক করেনি। আমি তো কারণ ছাড়াই কোচিং লাইসেন্স পাইনি… তবে তার তিনটি গোল ছিল অবিশ্বাস্য। আমি তাকে একটা বার্তা পাঠিয়েছিলাম।'সেই বার্তাটি কী ছিল এমন প্রশ্নের জবাবে আনচেলত্তি যা বলেছেন তা রীতিমতো বিস্ময়ের জন্ম দিয়েছে। এই কিংবদন্তি ভালভার্দেকে পাঠানো বার্তায় বলেছেন, 'আমি তাকে বলেছিলাম:“দুঃখের বিষয় তোমার কাছে ব্রাজিলের পাসপোর্ট নেই।”' কার্লো আনচেলত্তি। ছবি: মার্কারিয়াল মাদ্রিদের ব্রাজিলিয়ান খেলোয়াড়দের জাতীয় দলেও এখন কোচিং করান এই ইতালিয়ান। জাতীয় দলের জার্সিতে ভিনিসিউস, রদ্রিগো, এদার মিলিতাওদের আলাদা মনে হয় কি–না এমন প্রশ্নের জবাবে আনচেলত্তি বলেন, 'যা বদলে যায় তা হলো ড্রেসিংরুমের পরিবেশ। ক্লাবে বিভিন্ন দেশের খেলোয়াড় থাকে; এখানে ২৫ জন ব্রাজিলিয়ান একই ভাষা ও সংস্কৃতির মানুষ। ফলে যোগাযোগ অনেক বেশি সরাসরি ও ধারাবাহিক হয়। ক্লাবের জন্য আসল চ্যালেঞ্জ হলো এই বৈচিত্র্যকে একসঙ্গে মেলানো। অনেক সময় দল ছোট ছোট গ্রুপে ভাগ হয়ে যায়, এটা একদম স্বাভাবিক।' আরও পড়ুন: বার্সার নির্বাচনে কেন্দ্রে গিয়েও ভোট দিতে পারলেন না টার স্টেগানরিয়ালের আরেক তারকা ভিনিসিউস জুনিয়র আনচেলত্তির অন্যতম প্রিয় শিষ্য। এই উইঙ্গার সাম্প্রতিক অফফর্ম কাটিয়ে আবার আগের রূপে ফিরতে পারবেন কি–না এমন প্রশ্নের জবাবে এই ইতালিয়ান কোচ বলেন, 'গুরুত্বপূর্ণ ম্যাচে ভিনিসিউস কখনোই দলকে হতাশ করেনি। আমি মনে করতে পারি না কোনো সেমিফাইনাল বা কোয়ার্টার-ফাইনালে ভিনি বড় ভুল করেছে। হয়তো ভ্যালেন্সিয়ার বিপক্ষে ম্যাচে সে হতাশ হয়ে মনোযোগ হারিয়েছিল, কিন্তু বড় ম্যাচে সে কখনো তা করেনি। আমি নিশ্চিত, যদি সে দলে থাকে তাহলে সে দারুণ একটি বিশ্বকাপ খেলবে।'আনচেলত্তি আরও বলেন, 'ভিনিসিউস একজন ব্রাজিলিয়ান, তার চরিত্রও ব্রাজিলিয়ানদের মতো। ব্রাজিলিয়ানরা আনন্দপ্রিয় ও খুব বিনয়ী মানুষ। আমি এখন পর্যন্ত কোনো অহংকারী মানুষ দেখিনি...না সিবিএফে, না অন্য কোনো ব্রাজিলিয়ানের মধ্যে। ভিনিসিউসও বিনয়ী, প্রাণবন্ত এবং অসাধারণ প্রতিভাবান।'