শুরু হয়েছে ঈদের ছুটি। শেকড়ের টানে প্রিয়জনের কাছে ফিরতে ঢাকার সাভার ছাড়ছেন ঘরমুখো মানুষ। ফলে সড়কে বেড়েছে ঈদে ঘরমুখো মানুষের চাপ। নবীনগর-চন্দ্রা ও ঢাকা-আরিচা মহাসড়কের কয়েকটি পয়েন্টে দীর্ঘ হচ্ছে যানবাহনের সারি। সোমবার (১৬ মার্চ) নবীনগর-চন্দ্রা আবদুল্লাহপুর-বাইপাইল ও ঢাকা-আরিচা মহাসড়কের কয়েকটি পয়েন্ট ঘুরে দেখা গেছে এমন চিত্র। সরেজমিনে দেখা যায়, দুপুরের পর থেকে সড়কে প্রতিটি বাসস্ট্যান্ডে অতিরিক্ত যাত্রীদের উপস্থিতি লক্ষ্য করা গেছে। তাদের বহন করতে বিপুলসংখ্যক পরিবহনকেও অপেক্ষা করতে দেখা গেছে। যাত্রীরা তাদের কাঙ্ক্ষিত পরিবহন পেয়ে নিজ নিজ গন্তব্যে ছুটে যাচ্ছেন। সার্বিক পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে বিভিন্ন আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের মাঠে কাজ করতে দেখা গেছে। তবে যাত্রীদের কাছ থেকে এখনও পর্যন্ত বাড়তি ভাড়া নেয়ার কোনো অভিযোগ পাওয়া যায়নি। সিরাজগঞ্জগামী যাত্রী আল আমিন বলেন, অফিস শেষ করে বাড়ি ফিরছি। এসে সঙ্গে সঙ্গেই বাস পেয়েছি। ভাড়াও সহনীয়। বলা চলে স্বস্তির যাত্রা। চন্দ্রার কথা হয় সোমা পরিবহনের চালক আলিমের সঙ্গে তিনি বলেন, গাবতলী থেকে ছেড়ে এসেছি। পথের কয়েকটি পয়েন্টে যানজট পেয়েছি। বাকি পথ ছিল পরিষ্কার। এদিকে সালনা হাইওয়ে পুলিশের পরিদর্শক সাওকাতুল আলম জানান, ঈদযাত্রা স্বস্থিদায়ক করতে মাঠে কাজ করছে পুলিশ। আশা করছি যাত্রা নির্বিঘ্ন হবে। মাহফুজুর রহমান নিপু/এমএন/এএসএম