ঈদে ঢাকা থেকে বিভিন্ন গন্তব্যের নৌ পথের যাত্রীদের সুবিধার্থে বছিলা লঞ্চ ঘাট থেকেও ছাড়া হবে ছয়টি লঞ্চ। সোমবার (১৬ মার্চ) বিকেলে এই লঞ্চ ঘাট উদ্বোধন করেন নৌ পরিবহন প্রতিমন্ত্রী রাজীব আহসান। ১৭ মার্চ থেকে ঈদের আগের দিন পর্যন্ত প্রতিদিন ছয়টি করে লঞ্চ ছেড়ে যাবে এই ঘাট থেকে।উদ্বোধনী অনুষ্ঠানে রাজীব আহসান বলেন, ঈদে যাত্রীরা যেন স্বাচ্ছন্দ্যে যাতায়াত করতে পারেন সেজন্য সচেষ্ট রয়েছেন তারা।ঈদ এলেই সবচেয়ে পরিচিত যে দৃশ্যটি দেখা যায়, তা হলো সদরঘাটে নৌ যাত্রীদের উপচেপড়া ভিড়। একই সাথে রাজধানীর বিভিন্ন স্থান থেকে সদরঘাটে যাওয়ার বিড়ম্বনা তো রয়েছেই।এসব কিছু মাথায় রেখেই সদরঘাটের পাশাপাশি রাজধানীর বছিলায় একটি লঞ্চঘাট চালু করা হয়েছে যেখান থেকে ঈদের আগের দিন পর্যন্ত বিভিন্ন গন্তব্যে প্রতিদিন ছেড়ে যাবে ছয়টি লঞ্চ।আরও পড়ুন: ঈদযাত্রা: বছিলা ও শিমুলিয়া টুরিস্ট ঘাট থেকে চলবে বিশেষ লঞ্চ বছিলা লঞ্চঘাট উদ্বোধনের কথা শুনেই আশপাশে থাকা নৌপথের যাত্রীরা উচ্ছ্বসিত হয়ে ছুটে আসেন লঞ্চঘাটে।মোহাম্মদপুর, ধানমন্ডি, সাভার, গাবতলী এবং এ অঞ্চলের নৌ পথের যাত্রীদের সুবিধার্থেই এই ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানালেন নৌপ্রতিমন্ত্রী রাজীব আহসান।অন্যান্য বারের মতো এবারও লঞ্চে অতিরিক্ত যাত্রী বহন করতে দেয়া হবে না বলে জানান বিআইডব্লিউটিএ চেয়ারম্যান আরিফ আহমেদ মোস্তফা। জানালেন, বছিলা লঞ্চঘাটে যাত্রীদের সুবিধার্থে সকল ব্যবস্থাই রাখা হয়েছে।বিআইডব্লিউটিএর পক্ষ থেকে জানানো হয়, যাত্রী চাপের কথা বিবেচনা করে প্রয়োজনে লঞ্চের সংখ্যাও বাড়ানো হবে।