তিন ম্যাচের ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ খেলতে আগামী মাসে বাংলাদেশ সফরে আসছে শ্রীলঙ্কা নারী ক্রিকেট দল। সোমবার (১৬ মার্চ) আনুষ্ঠানিকভাবে এই সফরের সূচি প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এবারই প্রথমবার বাংলাদেশের মাটিতে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ খেলবে শ্রীলঙ্কার মেয়েরা।সূচি অনুযায়ী, শ্রীলঙ্কার নারী দল বাংলাদেশে এসে পৌঁছাবে ১৭ এপ্রিল। সেদিনই সরাসরি রাজশাহীর উদ্দেশ্যে রওনা দেবে সফরকারীরা। ১৮ ও ১৯ এপ্রিল অনুশীলন শেষে ২০ এপ্রিল রাজশাহী বিভাগীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে সিরিজের প্রথম ওয়ানডে ম্যাচ। একই ভেন্যুতে ২২ ও ২৫ এপ্রিল বাকি দুটি ম্যাচ অনুষ্ঠিত হবে। প্রতিটি ম্যাচই শুরু হবে সকাল সাড়ে ৯টায়। আরও পড়ুন: মাসসেরার দৌড়ে পাকিস্তানি ওপেনারের সঙ্গে আছেন ইংল্যান্ডের জ্যাকস ওয়ানডে সিরিজ শেষ হওয়ার পর ২৬ এপ্রিল সিলেটের উদ্দেশে রওনা দেবে শ্রীলঙ্কা নারী ক্রিকেট দল। সেখানে ২৭ এপ্রিল অনুশীলন করবে সফরকারী দল। এরপর ২৮ এপ্রিল সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে বাংলাদেশের মুখোমুখি হবে শ্রীলঙ্কা। একই ভেন্যুতে ৩০ এপ্রিল ও ২ মে অনুষ্ঠিত হবে সিরিজের বাকি দুটি ম্যাচ। তিন ম্যাচের এই টি-টোয়েন্টি সিরিজের সব কটি খেলাই শুরু হবে সন্ধ্যা ৬টা থেকে। সফর শেষে আগামী ৩ মে দেশে ফেরার কথা রয়েছে শ্রীলঙ্কার মেয়েদের। আরও পড়ুন: সিরিজ খেলতে বাংলাদেশে আসছে নিউজিল্যান্ড, চূড়ান্ত সূচি প্রকাশ বাংলাদেশের মাটিতে শ্রীলঙ্কা নারী ক্রিকেট দলের ওয়ানডে খেলার স্মৃতি খুব বেশি নয়। সর্বশেষ ২০১১ সালে নারী বিশ্বকাপ বাছাইপর্বে তারা এখানে ওয়ানডে ম্যাচ খেলেছিল। এর আগে ২০০৯ সালে বাংলাদেশে অনুষ্ঠিত ত্রিদেশীয় নারী সিরিজেও অংশ নিয়েছিল শ্রীলঙ্কা। বাংলাদেশ ও পাকিস্তানকে নিয়ে আয়োজিত সেই আসরে শেষ পর্যন্ত শিরোপা জিতেছিল শ্রীলঙ্কার মেয়েরা।