ঈদে খাবার টেবিলে সেমাই থাকবে না, তা তো হয় না। তবে যাদের ডায়াবেটিস আছে বা চিনি কম খেতে চান, তাদের জন্য প্রচলিত সেমাই অনেক সময়ই ঝুঁকিপূর্ণ হয়ে ওঠে। তাই স্বাস্থ্য সচেতনদের জন্য তৈরি করা যেতে পারে চিনি ছাড়া সেমাই। প্রাকৃতিক সুইটনার ব্যবহার করে বানানো এই সেমাই স্বাদেও দারুণ, আবার তুলনামূলকভাবে স্বাস্থ্যকরও। উপকরণ ১. সেমাই ১ কাপ২. দুধ ১ লিটার৩. খেজুর পেস্ট বা খেজুর কুচি পরিমাণমতো ৪. এলাচ গুঁড়া সামান্য৫. ঘি ১ চা চামচ৬. কাজু ও কিসমিস পরিমাণমতো৭. পেস্তা কুচি প্রস্তুত প্রণালী প্রথমে একটি প্যানে সামান্য ঘি গরম করে তাতে সেমাই হালকা করে ভেজে নিন। এরপর অন্য একটি পাত্রে দুধ জ্বাল দিয়ে কিছুটা ঘন করে নিন। দুধ ফুটে উঠলে এতে ভাজা সেমাই যোগ করুন এবং মাঝারি আঁচে নেড়ে রান্না করুন। সেমাই নরম হয়ে এলে এতে খেজুর পেস্ট বা খেজুর কুচি মিশিয়ে দিন। এতে সেমাইয়ে প্রাকৃতিক মিষ্টতা আসবে। এরপর এলাচ গুঁড়া, কাজু ও কিসমিস দিয়ে কয়েক মিনিট নেড়ে নিন। চাইলে ওপরে পেস্তা কুচি ছড়িয়ে দিতে পারেন। কিছুক্ষণ রান্না করে নামিয়ে নিন। তৈরি হয়ে গেলো চিনি ছাড়াই সুস্বাদু ঈদের সেমাই। গরম বা ঠান্ডা - দুইভাবেই পরিবেশন করা যায়। এএমপি/এএসএম