নারায়ণগঞ্জের রূপগঞ্জে সংবাদ প্রকাশের জেরে নাজমুল হুদা (৪৬) নামে এক সাংবাদিককে প্রাণনাশের হুমকি দেয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় জীবনের নিরাপত্তা চেয়ে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন ভুক্তভোগী ওই সাংবাদিক।ভুক্তভোগী নাজমুল হুদা রূপগঞ্জ সাংবাদিক ফোরামের সভাপতি এবং অনলাইন নিউজ পোর্টাল জাগো নিউজের রূপগঞ্জ প্রতিনিধি। তার বাড়ি উপজেলার তারাবো পৌরসভার কর্ণগোপ এলাকায়। জানা যায়, শুক্রবার (১৩ মার্চ) সন্ধ্যা ৭টার দিকে মোটরসাইকেলে করে ভুলতা গাউছিয়া যাওয়ার পথে কর্ণগোপ রহিম মার্কেট এলাকায় মাস্ক ও হেলমেট পরিহিত অজ্ঞাত চারজন সন্ত্রাসী তার পথরোধ করে এই হুমকি দেয়। দীর্ঘদিন ধরে সন্ত্রাসী, চাঁদাবাজিসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে সংবাদ প্রকাশ করায় তাকে এই হুমকি দেয়া হয়েছে বলে অভিযোগ করেন নাজমুল হুদা। এ ঘটনায় তিনি বাদী হয়ে অজ্ঞাত ৪-৫ জনকে অভিযুক্ত করে রূপগঞ্জ থানায় একটি জিডি (নম্বর-৮৫৩) করেছেন। আরও পড়ুন: ‘মাদক বিক্রেতাকে’ ধরার সময় পুলিশকে গণপিটুনি, আটক ৩ সাংবাদিক নাজমুল হুদাকে প্রাণনাশের হুমকির ঘটনায় তীব্র নিন্দা ও উদ্বেগ জানিয়েছে রূপগঞ্জ প্রেসক্লাব, রূপগঞ্জ উপজেলা প্রেসক্লাব, পূর্বাচলের সাংবাদিক কার্যালয় ও পূর্বাচল প্রেসক্লাবের সাংবাদিকরা। তারা অবিলম্বে হুমকিদাতাদের চিহ্নিত করে দ্রুত আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন। রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সবজেল হোসেন বলেন, ‘সাংবাদিক নাজমুল হুদাকে প্রাণনাশের হুমকির ঘটনায় রূপগঞ্জ থানায় সাধারণ ডায়েরি অন্তর্ভুক্ত করা হয়েছে। সুষ্ঠু তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। সন্ত্রাসীরা যতই প্রভাবশালী হোক, তাদের ছাড় দেয়া হবে না।’