বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে অ্যাডহক কমিটি: সভাপতির যোগ্যতা বিষয়ে পরিপত্র জারি

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের অ্যাডহক কমিটি গঠনের ক্ষেত্রে সভাপতির জন্য ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা স্নাতক বা সমমান নির্ধারণ করেছে সরকার। এ বিষয়ে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ড, ঢাকাসহ দেশের সব শিক্ষাবোর্ডকে প্রয়োজনীয় নির্দেশনা দিয়ে পরিপত্র জারি করেছে শিক্ষা মন্ত্রণালয়।সোমবার (১৬ মার্চ) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ থেকে জারি করা ওই পরিপত্রে বলা হয়, নিম্ন মাধ্যমিক, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক স্তরের বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের গভর্নিং বডি ও ম্যানেজিং কমিটি প্রবিধানমালা–২০২৪ (সংশোধনীসহ) অনুযায়ী অ্যাডহক কমিটি গঠন করতে হবে। এতে উল্লেখ করা হয়, ঢাকা শিক্ষাবোর্ডের ক্ষেত্রে প্রবিধানমালার ৭৫(২) এবং অন্যান্য শিক্ষাবোর্ডের ক্ষেত্রে ৭৪(২) ধারা অনুযায়ী বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের অ্যাডহক কমিটি গঠন করা হবে। এক্ষেত্রে সভাপতির সাধারণ শিক্ষাগত যোগ্যতা স্নাতক বা সমমান হতে হবে। তবে বিশেষ ক্ষেত্রে কোনো ব্যক্তির শিক্ষা প্রসার ও উন্নয়নে বিশেষ অবদান বা অন্য কোনো বিশেষ যোগ্যতা বিবেচনায় নিয়ে সভাপতির বিষয়ে প্রয়োজনীয় সিদ্ধান্ত গ্রহণ করতে পারবে শিক্ষা মন্ত্রণালয়। অ্যাডহক কমিটির সভাপতি মনোনয়নের ক্ষেত্রে শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান তিনজন ব্যক্তির নাম প্রস্তাব করবেন। মহানগরের ক্ষেত্রে বিভাগীয় কমিশনার এবং অন্যান্য ক্ষেত্রে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জেলা প্রশাসকের মাধ্যমে এই প্রস্তাব সংশ্লিষ্ট শিক্ষাবোর্ডে পাঠানো হবে। আরও পড়ুন: ব্রডশিট জবাব না দিলে শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানদের এমপিও স্থগিত হবে: শিক্ষা মন্ত্রণালয় প্রস্তাবিত ব্যক্তিদের মধ্যে সরকারি, আধা-সরকারি বা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে কর্মরত বা অবসরপ্রাপ্ত প্রথম শ্রেণির কর্মকর্তা, অবসরপ্রাপ্ত শিক্ষাবিদ, স্থানীয় শিক্ষানুরাগী ব্যক্তি বা শিক্ষায় আগ্রহী খ্যাতিমান ব্যক্তি ও সমাজসেবক অথবা সংশ্লিষ্ট বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা থাকতে পারবেন। তাদের মধ্য থেকে একজনকে সভাপতি হিসেবে মনোনীত করবে শিক্ষাবোর্ড। জনস্বার্থে এই নির্দেশনা অবিলম্বে কার্যকর হবে বলেও জানানো হয়েছে।