গোপালগঞ্জে খাল খনন কর্মসূচির উদ্বোধন করলেন সংস্কৃতি প্রতিমন্ত্রী

গোপালগঞ্জের কোটালীপাড়ায় ধুরাল খাল খনন কাজের উদ্বোধনী অনুষ্ঠানে মোনাজাত করছেন সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়মসহ অন্যরা। ছবি: সময় সংবাদপ্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি অনুযায়ী দেশব্যাপী নদী, নালা, খাল ও জলাধার খনন কর্মসূচির অংশ হিসেবে গোপালগঞ্জের কোটালীপাড়ায় ৫ কিলোমিটার দীর্ঘ ‘ধুরাল খাল’ খনন কাজের উদ্বোধন করা হয়েছে। এর মাধ্যমে স্থানীয় কৃষিতে বৈপ্লবিক পরিবর্তন আসবে বলে আশা করা হচ্ছে। সোমবার (১৬ মার্চ) দুপুরে এক অনুষ্ঠানের মাধ্যমে এই খনন কাজের উদ্বোধন করেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম। উদ্বোধনী অনুষ্ঠানে মতবিনিময় সভায় প্রতিমন্ত্রী জানান, এই খাল খননের ফলে গোপালগঞ্জ সদর উপজেলার কাজুলিয়া ও কোটালীপাড়া উপজেলার কুশলা ইউনিয়নের প্রায় ২৫ বর্গকিলোমিটার এলাকার জলাবদ্ধতা দূর হবে। এ ছাড়া প্রায় ২০ বর্গকিলোমিটার এলাকার ফসলি জমি দীর্ঘদিনের জলাবদ্ধতা থেকে মুক্তি পাবে। প্রকল্পটির ফলে প্রায় ১ হাজার ৭০০ হেক্টর জমিতে আধুনিক সেচ সুবিধা নিশ্চিত করা সম্ভব হবে, যা স্থানীয় কৃষি অর্থনীতিতে বড় ধরনের ইতিবাচক পরিবর্তন আনবে। প্রতিমন্ত্রী আলী নেওয়াজ তার বক্তব্যে প্রধানমন্ত্রী তারেক রহমানের কৃষি ও কৃষকবান্ধব বিভিন্ন উদ্যোগের কথা তুলে ধরেন। তিনি বলেন, 'আমাদের দেশের মাটি অত্যন্ত উর্বর। একটু পানির ব্যবস্থা করলেই এখানে সোনা ফলে। প্রধানমন্ত্রী এটি অনুধাবন করেছেন বলেই আজ দেশজুড়ে ৫৪টি জেলায় একযোগে এই খনন কাজ চলছে।' আরও পড়ুন: গোপালগঞ্জে নিখোঁজের ৩ মাস পর যুবকের গলিত মরদেহ উদ্ধার তিনি আরও উল্লেখ করেন, বর্তমান সরকার ক্ষমতায় আসার পর প্রথম ক্যাবিনেট মিটিংয়েই কৃষকদের কথা চিন্তা করে ১০ হাজার টাকা পর্যন্ত কৃষিঋণ মওকুফ করেছে। এ ছাড়া মায়েদের নামে ফ্যামিলি কার্ডের মাধ্যমে প্রতি মাসে আড়াই হাজার টাকা প্রদানের পাইলট প্রকল্প এবং আগামী ১৪ এপ্রিল থেকে কৃষকদের জন্য বিশেষ ‘কৃষি কার্ড’ বিতরণের ঘোষণাও দেয়া হয়েছে। বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড (পাউবো) গোপালগঞ্জ আয়োজিত এই অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোপালগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মো. সেলিমুজ্জামান মোল্যা, গোপালগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ডা. কে এম বাবর ও গোপালগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য এস এম জিলানী। এ ছাড়া উপস্থিত ছিলেন গোপালগঞ্জের পুলিশ সুপার মো. হাবীবুল্লাহ, জেলা প্রশাসক মো. আরিফ-উজ-জামান এবং পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. আনিস হায়দার খান। ধুরাল খাল খনন শুরু হওয়ায় স্থানীয় এলাকাবাসীর মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা গেছে। জলাবদ্ধতা দূর করে কৃষিতে সুদিন ফেরানোর এই উদ্যোগের জন্য তারা প্রধানমন্ত্রীকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন।