কৃষিনির্ভর অর্থনীতিতে গতি আনতে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: নুর

পটুয়াখালীর গলাচিপায় 'দেশব্যাপী নদী-নালা, খাল ও জলাশয় খনন ও পুনঃখনন' কর্মসূচির আওতায় গলাচিপা খাল ও এর শাখা খালের পুনঃখনন কাজের উদ্বোধন করা হয়েছে। এ সময় নিজ হাতে মাটি কেটে খনন কাজের আনুষ্ঠানিক সূচনা করেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী নুরুল হক নুর।রোববার (১৫ মার্চ) দুপুরে গলাচিপা পৌরসভার শান্তিবাগ এলাকায় এই খনন কাজের উদ্বোধন করা হয়। দীর্ঘদিন পলি জমে ভরাট হয়ে যাওয়া এসব খাল পুনঃখননের ফলে এলাকায় পানি নিষ্কাশন ব্যবস্থা উন্নত হবে এবং কৃষকদের সেচকাজে সুবিধা বাড়বে বলে আশা করা হচ্ছে। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী নুরুল হক নুর বলেন, 'স্বাধীনতার পর সেচব্যবস্থা ও কৃষি অর্থনীতিকে শক্তিশালী করতে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান খাল খনন কর্মসূচি শুরু করেছিলেন। সেই উদ্যোগকে সামনে রেখে বর্তমান সরকার দেশব্যাপী প্রায় ২০ হাজার কিলোমিটার খাল খননের কর্মসূচি গ্রহণ করেছে। এতে কৃষি উন্নয়ন, পানি নিষ্কাশন ব্যবস্থা উন্নয়ন এবং কৃষিনির্ভর অর্থনীতিতে গতি আসবে।' আরও পড়ুন: কলাপাড়ায় গৃহবধূকে খালের পানিতে চুবিয়ে হত্যাচেষ্টার অভিযোগ উন্নয়নকাজের বিষয়ে সতর্ক করে তিনি বলেন, 'খাল খনন ও উন্নয়ন কাজের সময় খালের দুই পাড়ের মানুষ যেন ব্যক্তিগতভাবে ক্ষতিগ্রস্ত না হন, সে বিষয়ে সংশ্লিষ্টদের সতর্ক থাকতে হবে।' দ্রুত কাজ সম্পন্নের লক্ষ্যে উদ্বোধনী অনুষ্ঠানে কোনো ধরনের আনুষ্ঠানিকতা বা নামফলক স্থাপন করা হয়নি বলেও জানান তিনি। পানি উন্নয়ন বোর্ড (পাউবো) সূত্রে জানা গেছে, সরকারের এই কর্মসূচির অংশ হিসেবে গলাচিপা খাল ও এর শাখা খাল মিলিয়ে প্রায় ১২ কিলোমিটার পুনঃখনন কাজ শুরু হয়েছে। পটুয়াখালীর জেলা প্রশাসক ড. মোহাম্মদ শহীদ হোসেন চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রশাসনের কর্মকর্তা, পানি উন্নয়ন বোর্ডের প্রতিনিধিসহ স্থানীয় রাজনৈতিক নেতা, সাংবাদিক ও গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।