দিনব্যাপী নানা কর্মসূচি শেষে দিনাজপুরে নিজের নানা-নানি ও খালার কবর জিয়ারত করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় তিনি স্বজনদের রুহের মাগফিরাত কামনা করে মোনাজাত করেন।সোমবার (১৬ মার্চ) সন্ধ্যায় ইফতারের পর শহরের শেখ ফরিদপুর গোরস্থানে গিয়ে তিনি এই কবর জিয়ারত করেন। এর আগে তিনি দিনাজপুর গোর-এ-শহীদ বড় ময়দানে জেলা বিএনপি আয়োজিত ইফতার মাহফিল ও সুধী সমাবেশে অংশ নিয়ে বক্তব্য রাখেন। দিনাজপুর শহর প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের স্মৃতিবিজড়িত একটি স্থান। শহরের বালুবাড়ীতে তার মা প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জন্মস্থান। তারেক রহমানের নানা ইস্কান্দার মজুমদার, নানি বেগম তৈয়বা মজুমদার এবং বড় খালা প্রয়াত মন্ত্রী বেগম খুরশীদ জাহান হক দিনাজপুরের শেখ ফরিদপুর কবরস্থানে শায়িত আছেন। আরও পড়ুন: প্রধানমন্ত্রীর খাল খনন কর্মসূচিকে স্বাগত জানাই: ডা. শফিকুর রহমান সোমবার ইফতার ও সুধী সমাবেশ শেষে প্রধানমন্ত্রী গোরস্থানে ছুটে যান। সেখানে তিনি নানা, নানি ও বড় খালার কবরের পাশে দাঁড়িয়ে তাদের আত্মার শান্তি কামনা করে মোনাজাত করেন। এ সময় প্রধানমন্ত্রীর পরিবারের সদস্যরা ও স্থানীয় নেতাকর্মীরা মোনাজাতে অংশ নেন।