এনএসসির তদন্ত কমিটি গঠনে বিসিবির উদ্বেগ, আইসিসি ইস্যুতে সতর্ক বোর্ড

২০২৫ সালের অক্টোবরে অনুষ্ঠিত হয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্বাচন। সেই নির্বাচনের বিষয়ে তদন্ত কমিটি গঠনের সিদ্ধান্তে গভীর উদ্বেগ জানিয়েছে বিসিবি। জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি) সম্প্রতি এ–সংক্রান্ত একটি গেজেট প্রকাশ করেছে, যেখানে ওই নির্বাচন নিয়ে তদন্তের কথা উল্লেখ রয়েছে।এ বিষয়ে দেওয়া এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিসিবি বলেছে, সরকারের এমন পদক্ষেপ আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)-এর দৃষ্টিতে ‘বাহ্যিক হস্তক্ষেপ’ হিসেবে বিবেচিত হতে পারে। এতে বাংলাদেশের আইসিসি সদস্যপদ কিংবা দেশের ক্রিকেট প্রশাসনের স্থিতিশীলতা ঝুঁকির মুখে পড়ার আশঙ্কা তৈরি হতে পারে।  বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, বর্তমান বিসিবি বোর্ড সম্পূর্ণ গণতান্ত্রিক প্রক্রিয়ায় এবং সংস্থার নিজস্ব গঠনতন্ত্র অনুসরণ করে নির্বাচিত হয়েছে। দায়িত্ব গ্রহণের পর থেকে তারা নিয়মিতভাবে সব কার্যক্রম পরিচালনা করে আসছে বলেও দাবি করা হয়েছে। এমন পরিস্থিতিতে হঠাৎ করে তদন্ত কমিটি গঠনের সিদ্ধান্ত বিসিবির স্বাধীনতা ও স্থিতিশীলতা নিয়ে নতুন প্রশ্নের জন্ম দিতে পারে বলে উদ্বেগ প্রকাশ করেছে বোর্ড।  আরও পড়ুন: প্রথমবার বাংলাদেশে দ্বিপক্ষীয় সিরিজ খেলতে আসছে শ্রীলঙ্কার মেয়েরা সোমবার (১৬ মার্চ) এক বিজ্ঞপ্তি দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বিজ্ঞপ্তিতে বলা হয়, আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) পূর্ণ সদস্য হিসেবে সংশ্লিষ্ট বোর্ডকে আন্তর্জাতিক ক্রিকেটের নির্ধারিত ‘গ্লোবাল গভর্ন্যান্স’ কাঠামোর অধীনেই পরিচালিত হতে হয়। আইসিসির বিধিমালা অনুযায়ী, কোনো স্বীকৃত ক্রিকেট বোর্ডের কার্যক্রমে তৃতীয় পক্ষ বা সরকারের সরাসরি হস্তক্ষেপ সম্পূর্ণরূপে নিষিদ্ধ। এমন পরিস্থিতি সৃষ্টি হলে তা আইসিসির ‘গভর্ন্যান্স ও কমপ্লায়েন্স’ নীতিমালার আওতায় তদন্ত বা শাস্তিমূলক ব্যবস্থার মুখে পড়তে পারে।  বিসিবি আরও জানিয়েছে, বিষয়টি নিয়ে ইতোমধ্যে আইসিসির শীর্ষ নেতৃত্বের সঙ্গে তাদের অনানুষ্ঠানিক আলোচনা হয়েছে। সেখান থেকে ইঙ্গিত পাওয়া গেছে যে গণতান্ত্রিকভাবে নির্বাচিত বোর্ডে যেকোনো হস্তক্ষেপ আন্তর্জাতিক ক্রিকেটে নেতিবাচক প্রভাব ফেলতে পারে।  দেশের ক্রিকেটের বৃহত্তর স্বার্থে বিষয়টি অত্যন্ত সতর্কতার সঙ্গে মোকাবিলা করতে চায় বিসিবি। আইসিসির সঙ্গে আনুষ্ঠানিকভাবে যোগাযোগ করা বা ব্যবস্থা নেওয়ার আগে জাতীয় ক্রীড়া পরিষদের সঙ্গেই সরাসরি আলোচনা করতে চায় বোর্ড। এই গেজেট প্রকাশের উদ্দেশ্য এবং এর সম্ভাব্য ফলাফল নিয়ে এনএসসির কাছেও ব্যাখ্যা চাইবে বলে জানিয়েছে বিসিবি। আরও পড়ুন: মাসসেরার দৌড়ে পাকিস্তানি ওপেনারের সঙ্গে আছেন ইংল্যান্ডের জ্যাকস বোর্ডের আশা, জাতীয় ক্রীড়া পরিষদ স্বায়ত্তশাসিত এই প্রতিষ্ঠানের মর্যাদা রক্ষা করবে। বাংলাদেশের ক্রিকেটের আন্তর্জাতিক ভাবমূর্তি রক্ষায় তদন্তের এই বিষয়টি দ্রুত নিষ্পত্তি করার জন্যও এনএসসিকে অনুরোধ জানিয়েছে বোর্ড।  বাংলাদেশ ক্রীড়া পরিষদের কাছে বিসিবি অনুরোধ জানিয়েছে, যেন বিষয়টির এমন একটি সমাধান করা হয় যা দেশের ক্রিকেটের স্থিতিশীলতা, স্বায়ত্তশাসন ও ধারাবাহিক অগ্রগতি নিশ্চিত করবে। একই সঙ্গে আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের ক্রিকেটের অবস্থানও যেন অক্ষুণ্ন থাকে— সেদিকেও গুরুত্ব দেওয়ার কথা বলা হয়েছে।