কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজ পাহারা দিতে যুদ্ধজাহাজ পাঠানোর মার্কিন আহ্বান প্রত্যাখ্যান করেছে বেশ কিছু মিত্র দেশ।দীর্ঘ কয়েক দশকের মার্কিন সমর্থনের বিনিময়ে পশ্চিমা অংশীদারদের এমন ‘অকৃতজ্ঞ’ আচরণে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প।সোমবার (১৬ মার্চ) রয়টার্সের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।হরমুজ প্রণালিতে নৌ-চলাচলের নিরাপত্তা নিশ্চিত করতে মিত্র দেশগুলোর প্রতি যুদ্ধজাহাজ মোতায়েনের আহ্বান জানিয়েছিলেন ট্রাম্প। কিন্তু প্রধান অংশীদারদের পক্ষ থেকে তাতে সাড়া না মেলায় ক্ষুব্ধ মার্কিন প্রেসিডেন্ট বলেন, ‘দশক ধরে যাদের নিরাপত্তা দিয়ে আসছি, প্রয়োজনের সময় তাদের এমন নিস্পৃহতা অকৃতজ্ঞতা ছাড়া আর কিছুই নয়।’ আরও পড়ুন: ইরানের বিরুদ্ধে যুদ্ধে সাহায্য না করলে ন্যাটোর ভবিষ্যৎ খুব খারাপ হবে: ট্রাম্পযুক্তরাষ্ট্র ও ইসরাইলের সঙ্গে ইরানের যুদ্ধ এখন তৃতীয় সপ্তাহে গড়িয়েছে। তবে এই সংঘাত থামার কোনো লক্ষণই দেখা যাচ্ছে না। যুদ্ধের প্রভাবে বর্তমানে বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ এই জলপথটি প্রায় স্থবির হয়ে পড়েছে।উল্লেখ্য, বিশ্বের মোট উত্তোলিত জ্বালানি তেল এবং তরলীকৃত প্রাকৃতিক গ্যাসের (এলএনজি) প্রায় ২০ শতাংশ এই সরু প্রণালি দিয়েই পরিবাহিত হয়।হরমুজ প্রণালি প্রায় বন্ধ হয়ে যাওয়ায় আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম হু-হু করে বাড়ছে। এর ফলে বিশ্বজুড়ে চরম মুদ্রাস্ফীতি ও অর্থনৈতিক মন্দার আশঙ্কা দেখা দিয়েছে। ইউরোপীয় দেশগুলো এই সরাসরি যুদ্ধে জড়াতে অনীহা প্রকাশ করায় ওয়াশিংটনের সঙ্গে তাদের কূটনৈতিক দূরত্ব আরও বাড়ছে বলে মনে করছেন বিশ্লেষকরা।