ফ্রান্স ও ক্রোয়েশিয়ার বিপক্ষে প্রীতি ম্যাচের জন্য ২৬ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে ব্রাজিল। গুঞ্জন থাকলেও, শেষ পর্যন্ত দলে জায়গা হয়নি নেইমারের। যদিও কোচ কার্লো আনচেলত্তি বলেছেন, ফিট থাকলে বিশ্বকাপ দলে বিবেচনা করা হবে সান্তোস ফরোয়ার্ডকে। এছাড়া দলে ডাক পেয়েছে বেশ কিছু নতুন মুখ।করিন্থিয়ান্সের বিপক্ষে সাও পাওলো ডার্বিতে সান্তোসের হয়ে সাদামাটা পারফরম্যান্সের পরও নেইমার আশাবাদী ছিলেন ব্রাজিল দলে তিনি ডাক পাবেন। অপেক্ষায় ছিলেন নেইমার ও ব্রাজিল দলের কোটি ভক্ত। সেই অপেক্ষা আরও দীর্ঘ হলো। সেলেসাও জার্সিতে আপাতত ফেরা হলো না নেইমারের।মার্চ উইন্ডোতে ফ্রান্স ও ক্রোয়েশিয়ার বিপক্ষে দুটি প্রীতি ম্যাচ খেলবে ব্রাজিল। এ ম্যাচ দুটি দিয়েই নিজের বিশ্বকাপ দল গুছিয়ে ফেলবেন কার্লো আনচেলত্তি। বিশ্বকাপ স্কোয়াডে জায়গা পেতে তাই গুরুত্বপূর্ণ ছিলো এই দুই ম্যাচ খেলা। কিন্তু নেইমারকে ছাড়াই ২৬ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছেন ইতালিয়ান কোচ।অবশ্য আনচেলত্তি এটাও জানিয়েছেন, এখনও নেইমারের সুযোগ আছে বিশ্বকাপ দলে জায়গা পাওয়ার। সাবেক বার্সা তারকার স্কিল নিয়ে কোনো সন্দেহ নেই কোচের। বিশ্বকাপ স্কোয়াডে থাকার একটাই শর্ত দিয়েছেন কোচ। সেটা হলো শতভাগ ফিট থাকা। ইনজুরি থেকে নেইমার ফিরেছেন, ম্যাচও খেলছেন। কিন্তু সেরা ফিটনেস বা ছন্দ এখনও ফিরে পাননি ব্রাজিলের ইতিহাসের সর্বোচ্চ গোলদাতা।আরও পড়ুন: ভালভার্দের ব্রাজিলিয়ান পাসপোর্ট না থাকার আক্ষেপ আনচেলত্তির ফ্রান্স ও ক্রোয়েশিয়া ম্যাচের জন্য বেশ কিছু নতুন মুখ ডাক দিয়েছেন আনচেলত্তি। চোটের জন্য রদ্রিগো, ব্রুনো গিমারেস, মিলিতাওদের জায়গা হয়নি। অভিষেকের অপেক্ষা থাকা পাঁচ ফুটবলার আছেন স্কোয়াডে।গোল পোস্টে তিন পুরনো মুখ অ্যালিসন, বেনতো ও এডারসন। রক্ষণে কোনো পরীক্ষা নয়, আনচেলত্তি আস্থা রেখেছেন মারকুইনহোস, দানিলো, গ্যাব্রিয়েল ম্যাগালহেসদের ওপরই।মিডফিল্ডে ক্যাসেমিরো, ফাবিনিওদের সঙ্গে ডাক পেয়েছেন গ্যালাতাসারের গ্যাব্রিয়েল সারা। আক্রমণভাগের নেতৃত্ব দেবেন ভিনিসিউস জুনিয়র। তার সঙ্গে আছেন দারুণ ছন্দে থাকা রাফিনিয়া ও ম্যাথিউস কুনিয়া। ফিরেছেন এন্ড্রিক, এছাড়া ডাক পেয়েছেন বোর্নমাউথের রায়ান ও ব্রেন্টফোর্ডের ইগর থিয়াগো।বিশ্বকাপ শুরুর আগে চারটি প্রীতি ম্যাচ খেলবে ব্রাজিল। ২৬ মার্চ বোস্টনের জিলেট স্টেডিয়ামে ফ্রান্স, এর পাঁচ দিন পর অরল্যান্ডোতে সেলেসাওদের প্রতিপক্ষ ক্রোয়েশিয়া। এছাড়া মিশর এবং পানামার মুখোমুখি হবে আনচেলত্তির দল।ব্রাজিল স্কোয়াড:গোলরক্ষক: অ্যালিসন, বেনতো, এডারসন ডিফেন্ডার: ওয়েসলি, অ্যালেক্স স্যান্ড্রো, ডগলাস সান্তোস, মারকুইনহোস, গ্যাব্রিয়েল ম্যাগালহেস, ব্রেমার, দানিলো, ইবানেজ, লিও পেরেইরামিডফিল্ডার: আন্দ্রে সান্তোস, ক্যাসেমিরো, দানিলো, ফাবিনিও, গ্যাব্রিয়েল সারাফরোয়ার্ড: এন্ড্রিক, ইগর থিয়াগো, লুইজ হেনরিক, রায়ান, জোয়াও পেদ্রো, গ্যাব্রিয়েল মার্টিনেল্লি, ম্যাথিউস কুনিয়া, রাফিনহা, ভিনিসিউস জুনিয়র।