মাদারীপুরের শিবচরে আগুনে ৭টি দোকান পুড়ে গেছে। এতে কয়েক লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ব্যবসায়ীরা দাবি করছেন।সোমবার (১৬ মার্চ) দিবাগত রাত দেড়টার দিকে উপজেলার বহেরাতলা উত্তর ইউনিয়নের সোতারপাড় বাজারে এই অগ্নিকাণ্ড ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, গভীর রাতে হঠাৎ আগুন দেখতে পেয়ে চিৎকার-চেঁচামেচি শুরু করলে আশপাশের লোকজন ঘর থেকে বেরিয়ে আসেন। অল্প সময়ের মধ্যে আগুন দাউ দাউ করে জ্বলতে শুরু করে এবং একের পর এক দোকানে ছড়িয়ে পড়ে। আরও পড়ুন: মিরপুরে শাড়ির গোডাউনে আগুন খবর পেয়ে ঘটনাস্থলে আসে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট। এক ঘণ্টা চেষ্টা চালিয়ে তারা আগুন নিয়ন্ত্রণে আনে। এর আগে গার্মেন্টস, ফার্মেসিসহ ৭টি দোকান পুড়ে ছাই হয়ে যায়। শিবচর ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা তপন পাল জানান, আগুনে ৭টি দোকান পুড়ে গেছে। বিদ্যুতের শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে বলে ধারণা করা হচ্ছে।