মালদ্বীপের ধীগুরাহ দ্বীপে একটি নির্মাণাধীন কোম্পানির আবাসন ব্লকে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে সৃষ্ট ভয়াবহ অগ্নিকাণ্ডে পাঁচ প্রবাসী বাংলাদেশির মর্মান্তিক মৃত্যু এবং আরও দুইজন গুরুতর আহত হওয়ার ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন মালদ্বীপের প্রেসিডেন্ট ড. মোহাম্মদ মুইজ্জু।বাংলাদেশ সরকারের প্রধান প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে পাঠানো এক শোকবার্তায় তিনি এই সমবেদনা জানান। মঙ্গলবার (১৭ মার্চ) ভোর রাতে মালদ্বীপের প্রেসিডেন্ট কার্যালয় থেকে প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রেসিডেন্ট ড. মোহাম্মদ মুইজ্জু তার চিঠিতে গভীর দুঃখ প্রকাশ করে বলেন, এই কঠিন সময়ে মালদ্বীপের সরকার ও জনগণ প্রধানমন্ত্রী তারেক রহমান এবং বাংলাদেশ সরকারের প্রতি, বিশেষ করে নিহতদের শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছে। আরও পড়ুন: দেশে পৌঁছাল মালদ্বীপে অগ্নিকাণ্ডে নিহত এক বাংলাদেশির মরদেহ তিনি আরও বলেন, ক্ষতিগ্রস্ত প্রবাসী বাংলাদেশিদের প্রতি মালদ্বীপবাসীর আন্তরিক সমবেদনা রয়েছে এবং আহতদের দ্রুত ও সম্পূর্ণ সুস্থতা কামনা করা হচ্ছে। চিঠিতে প্রেসিডেন্ট মুইজ্জু উল্লেখ করেন, মালদ্বীপের অর্থনীতি ও অবকাঠামো উন্নয়নে প্রবাসী বাংলাদেশিরা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন। এই ভয়াবহ দুর্ঘটনায় তাদের যে ক্ষতি ও দুঃখ হয়েছে, তাতে মালদ্বীপ সরকারও সমানভাবে ব্যথিত। একই সঙ্গে তিনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে ঘটনাটি নিবিড়ভাবে তদন্ত করার নির্দেশ দিয়েছেন এবং ভবিষ্যতে এ ধরনের দুর্ঘটনা যাতে আর না ঘটে, সে জন্য প্রয়োজনীয় সব পদক্ষেপ গ্রহণের কথাও বলেছেন।