কাবুলে হাসপাতালে হামলায় নিহত ৪০০, পাকিস্তানকে দুষছে আফগানিস্তান

রাজধানী কাবুলের একটি হাসপাতালে হামলায় ৪০০ জন নিহত হওয়ার ঘটনায় পাকিস্তানকে দুষছে আফগানিস্তান। কাবুলে মাদকাসক্তদের চিকিৎসা প্রদানকারী একটি হাসপাতালে পাকিস্তানের সামরিক বাহিনী বিমান হামলা চালিয়েছে বলে অভিযোগ তুলেছে ইসলামাবাদ। আফগানিস্তানের অভিযোগ ওই হামলায় অন্তত ৪০০ জন নিহত হয়েছেন। খবর আল জাজিরার। তবে আফগানিস্তানের এই দাবিকে পাকিস্তান ‌‘মিথ্যা’ এবং ‘জনমতকে বিভ্রান্ত করার উদ্দেশ্যে করা’ বলে নাকচ করে দিয়েছে এবং বলেছে যে, সোমবার তারা শুধুমাত্র কাবুল ও নানগার প্রদেশে অবস্থিত সামরিক স্থাপনাগুলোকেই লক্ষ্যবস্তু করেছিল। আফগানিস্তানের তালেবান সরকারের উপ-মুখপাত্র হামদুল্লাহ ফিতরাতের মতে, কাবুলের ওমর অ্যাডিকশন ট্রিটমেন্ট হাসপাতালে স্থানীয় সময় সোমবার রাত ৯টার দিকে ওই হামলা চালানো হয়। তিনি সামাজিক মাধ্যম এক্সে লিখেছেন, হাসপাতালটি দুই হাজার শয্যার একটি প্রতিষ্ঠান এবং এই হামলায় ভবনটির বড় অংশ ধ্বংস হয়ে গেছে। তিনি আরও বলেন, দুর্ভাগ্যবশত, মৃতের সংখ্যা এখন পর্যন্ত ৪০০-তে পৌঁছেছে এবং প্রায় ২৫০ জন আহত হয়েছেন বলে জানা গেছে। উদ্ধারকারী দলগুলো বর্তমানে ঘটনাস্থলে আগুন নিয়ন্ত্রণে আনতে এবং বাকি মৃতদেহ উদ্ধারের জন্য কাজ করছে। টিটিএন