প্রথমবারের মতো পিএসএলে ডাক পেলেন শরিফুল

বাংলাদেশি বাঁহাতি পেসার শরিফুল ইসলাম প্রথমবারের মতো পাকিস্তান সুপার লিগে (পিএসএল) খেলার জন্য ডাক পেয়েছেন। সাবেক চ্যাম্পিয়ন দল পেশোয়ার জালমি শরিফুলকে সরাসরি চুক্তিতে দলে ভিড়িয়েছে।সোমবার (১৬ মার্চ) সামাজিক যোগাযোগমাধ্যমে শরিফুলের অন্তর্ভুক্তি নিশ্চিত করে পেশোয়ার জালমি। পোস্টারে তাকে ‘বেঙ্গল টাইগার’ হিসেবে সিংহাসনে বসা অবস্থায় দেখানো হয়েছে। জালমি উল্লেখ করেছে, তার আগমনে ‘ইয়েলো স্টর্ম’ আরও শক্তিশালী হবে এবং এই এক্সপ্রেস পেসার মাঠে ঝড় তুলতে সম্পূর্ণ প্রস্তুত।শরিফুল ইসলাম ২০২১ সালে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেকের পর থেকে বাংলাদেশের দলের অবিচ্ছেদ্য অংশ। তিনি দেশের হয়ে ১৪টি টেস্ট, ৪০টি ওয়ানডে এবং ৫৯টি টি-টোয়েন্টি খেলেছেন। সংক্ষিপ্ত সংস্করণের ক্রিকেটে তার অভিজ্ঞতা ও কার্যকারিতা বিশেষভাবে প্রশংসনীয়। ক্যারিয়ারে ১৫৬টি টি-টোয়েন্টি ম্যাচে ১৯৫টি উইকেট শিকার করেছেন, গড় রেট ২২.২৭। এছাড়া বিপিএলের ইতিহাসে শীর্ষ ১০ উইকেট শিকারির তালিকায় রয়েছে তার নাম।আরও পড়ুন: টুর্নামেন্ট শুরুর আগে পিএসএল ফ্র্যাঞ্চাইজির নাম পরিবর্তন এদিকে ২০২৬ সালের পিএসএল এবার বিশেষ আকারে অনুষ্ঠিত হবে। প্রথমবারের মতো টুর্নামেন্টে অংশ নিচ্ছে ৮টি দল এবং পাকিস্তানের ছয়টি ভেন্যুতে ম্যাচগুলো আয়োজন করা হবে। সাবেক চ্যাম্পিয়ন পেশোয়ার জালমি তাদের অভিযান শুরু করবে ২৮ মার্চ পিন্ডি ওয়ারিয়র্সের বিপক্ষে।শরিফুলের দলকে নেতৃত্ব দেবেন বাবর আজম। স্কোয়াডে রয়েছেন আন্তর্জাতিক তারকা মাইকেল ব্রাসওয়েল, জেমস ভিন্স ও কুশল মেন্ডিস। বাংলাদেশের অন্য এক উদীয়মান বাঁহাতি পেসার নাহিদ রানাও এই দলে শরিফুলের সতীর্থ হিসেবে খেলবেন।