শিক্ষার্থীদের আন্দোলনের মুখে পদচ্যুত হওয়া অধ্যাপক ড. মুহাম্মদ মাছুদকে আবারও খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) উপাচার্য (ভিসি) হিসেবে নিয়োগ দিয়েছে সরকার। তিনি ওই বিশ্ববিদ্যালয়ের মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক।সোমবার (১৬ মার্চ) এক সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী আ ন ম এহসানুল হক কুয়েটসহ দেশের ৭টি বিশ্ববিদ্যালয়ে ভিসি নিয়োগের তথ্য জানান।এর আগে, অন্তর্বর্তীকালীন সরকার ২০২৪ সালের ৬ আগস্ট প্রথম দফায় অধ্যাপক ড. মুহাম্মদ মাছুদকে কুয়েটের ভিসি হিসেবে নিয়োগ দেয়। তবে গত বছর ছাত্ররাজনীতি ঘিরে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও বহিরাগতদের মধ্যে সংঘর্ষের ঘটনায় সৃষ্ট উত্তেজনার পর শিক্ষার্থীদের আন্দোলনের মুখে তাকে পদ থেকে অব্যাহতি দেয়া হয়।আরও পড়ুন: ঢাবি-রাবি-চবিসহ যেসব বিশ্ববিদ্যালয়ে নতুন উপাচার্য নিয়োগঅধ্যাপক মাছুদ ১৯৯৮ সালে তৎকালীন বাংলাদেশ ইনস্টিটিউট অব টেকনোলজি (বিআইটি) খুলনা থেকে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে বিএসসি সম্পন্ন করেন। একই বছর তিনি বিআইটি খুলনায় প্রভাষক হিসেবে যোগ দেন। পরে ২০০৩ সালে সহকারী অধ্যাপক, ২০০৯ সালে সহযোগী অধ্যাপক এবং ২০১১ সালে অধ্যাপক পদে উন্নীত হন।কুয়েটে কর্মজীবনে তিনি মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের বিভাগীয় প্রধান, হল প্রভোস্ট, সিআরটিএসের চেয়ারম্যান, শিক্ষক সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদকসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। এছাড়া আন্তর্জাতিক সম্মেলন আইসিএমআইইই-এর অর্গানাইজিং কমিটির কনফারেন্স সেক্রেটারি হিসেবেও দায়িত্ব পালন করেন তিনি।