গাইবান্ধায় শেষ মুহূর্তে জমে উঠেছে ঈদের বেচাকেনা

হাতেগোনা কয়েকদিন পরই পবিত্র ঈদুল ফিতর। শেষ মুহূর্তে চলছে ঈদের কেনাকাটা। গাইবান্ধা জেলা শহরের ইসলাম প্লাজা, সালিমার সুপার মার্কেট, তরফদার ম্যানশন, পৌর মার্কেট, প্রাণ গোবিন্দ প্লাজাসহ সব মার্কেট ও বিপণি বিতানে বিভিন্ন বয়সের ক্রেতাদের ভিড় লক্ষ্য করা যাচ্ছে। সকাল থেকে গভীর রাত পর্যন্ত জমজমাট থাকছে মার্কেটগুলো।এবার ঈদে মেয়েদের লেগেঙ্গা, ত্রি-পিস, গাউন, পাকিস্তানি ও ইন্ডিয়ান থ্রি-পিস বিক্রি বেশি হচ্ছে। ছোটোদের ফোরক, জামা, পার্টি জামার চাহিদাও অনেক। শাড়ি, শার্ট-প্যান্ট-পাঞ্জাবিসহ জুতা-স্যান্ডেলের দোকানেও ক্রেতাদের ভিড় লক্ষ্য করা যাচ্ছে। গত বছরের তুলনায় এবার কাপড়, জুতা, স্যান্ডেলসহ সব কিছুর দাম বেড়েছে। নির্ধারিত বাজেটে ঈদ মার্কেটে কেনাকাটা করতে হিমশিম খাচ্ছেন ক্রেতারা। সালিমার সুপার মার্কেটে আসা ক্রেতা আরশি বেগম জানান, এবার ঈদে নতুন অনেক কালেকশন এসেছে। পছন্দের সবকিছু পাওয়া যাচ্ছে, তবে দাম অনেক বেশি।  আরও পড়ুন: ঈদ বোনাস দিয়েছে ৯৭.৭৯ শতাংশ পোশাক কারখানা: বিজিএমইএ আরেক ক্রেতা উলফাত হোসেন বলেন, সব কিছুর দাম বেশি হওয়ায় বাজেট জোগাড় করতে সময় লেগেছে। তাই শেষ মুহূর্তে এসে কেনাকাটা করছেন। বিক্রেতারাও অতিরিক্ত দামের বিষয়টি স্বীকার করছেন। তারা জানান, খরচ বেশি হওয়ায় নিজেদেরও বেশি দামে বিক্রি করতে হচ্ছে। গাইবান্ধা শহরের তরফদার ম্যানশনের ব্যবসায়ী রাহাদ মাহমুদ বলেন, সব পোশাকের দাম এবার বেশি হওয়ায় বিক্রি কম। প্রয়োজন ছাড়া ক্রেতারা অতিরিক্ত পোশাক নিচ্ছেন না।