ঈদযাত্রায় মানুষ আনন্দিত, নেই বাড়তি ভাড়া বা যানজট: সড়ক পরিবহন মন্ত্রী

সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী শেখ রবিউল আলম বলেছেন, এবারের ঈদ যাত্রায় মানুষ অত্যন্ত আনন্দিত। সড়কে কোনো যানজট নেই এবং যাত্রীদের কাছ থেকে বাড়তি ভাড়া আদায়ের কোনো সুযোগ রাখা হয়নি। সরকারের সঠিক প্রস্তুতির কারণে কোনো ধরনের অব্যবস্থাপনার সুযোগ নেই।মঙ্গলবার (১৭ মার্চ) দুপুরে বরিশালের বাকেরগঞ্জ উপজেলায় রাঙামাটি নদীর ওপর নির্মিত ‘গোমা সেতু’ উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।মন্ত্রী বলেন, মাত্র দুই থেকে তিন দিনের ব্যবধানে ঢাকা ছেড়েছেন প্রায় দেড় কোটি মানুষ। বর্তমান সরকার এই বিশাল সংখ্যক মানুষের যাতায়াত নির্বিঘ্ন করতে সব ধরনের প্রস্তুতি নিয়েছে। ফলে যাত্রীরা স্বাচ্ছন্দ্যে পরিবারের কাছে পৌঁছাতে পারছেন।আঞ্চলিক উন্নয়নের ওপর গুরুত্বারোপ করে শেখ রবিউল আলম বলেন, দ্রুততম সময়ের মধ্যে ভাঙ্গা থেকে বরিশাল পর্যন্ত মহাসড়ক বর্ধিত করার কাজ শুরু হবে। বর্তমান সরকার উন্নয়ন নিশ্চিত করতে চায়। অবকাঠামো উন্নয়ন ছাড়া কোনো জাতি সমৃদ্ধ হতে পারে না এবং অর্থনৈতিক উন্নয়নও বাধাগ্রস্ত হয়।আরও পড়ুন: ঈদযাত্রা স্বস্তির করতে তিনটি জাহাজ উদ্বোধন করলেন নৌপরিবহন মন্ত্রীঢাকা-বরিশাল নৌপথে নাব্যতা সংকট প্রসঙ্গে মন্ত্রী জানান, সাড়ে সাত হাজার কিলোমিটার নৌপথ নিয়মিত ড্রেজিং করে সচল রাখা হচ্ছে। বর্তমানে ১২০০ কিলোমিটার নদী খনন চলছে এবং আরও সাড়ে ৪ হাজার কিলোমিটার খননের পরিকল্পনা রয়েছে। ঢাকার সদরঘাট থেকে দেশের বিভিন্ন রুটে নৌ-যান চলাচল অবাধ ও স্বাভাবিক রয়েছে বলেও তিনি নিশ্চিত করেন।উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- সড়ক পরিবহন ও সেতু এবং রেলপথ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ, বরিশাল-৬ (বাকেরগঞ্জ) আসনের সংসদ সদস্য আবুল হোসেন খান, বিভাগীয় কমিশনার মোহাম্মদ মাহফুজুর রহমান, জেলা প্রশাসক খায়রুল আলম সুমন ও পুলিশ সুপার  এ জেড এম মোস্তাফিজুর রহমানসহ স্থানীয় বিএনপির নেতাকর্মীরা।