‘প্রতিশোধ নিয়ে’ সিরিজে সমতা ফেরালো নিউজিল্যান্ড

প্রথম টি-টোয়েন্টিতে নিউজিল্যান্ডকে মাত্র ৯১ রানে গুটিয়ে দিয়ে ৭ উইকেটের বড় জয় তুলে নিয়েছিল দক্ষিণ আফ্রিকা। ঘরের মাঠ হ্যামিল্টনে দ্বিতীয় ম্যাচেই দারুণভাবে প্রতিশোধ নিলো কিউইরা। এবার দক্ষিণ আফ্রিকাও একশর নিচে (৯২ রানে ৯ উইকেট) অলআউট হওয়ার শঙ্কায় ছিল। যদিও শেষ পর্যন্ত টেনেটুনে একশ পেরিয়েছে। তবে ৬৮ রানের বড় জয়ে সিরিজে ১-১ সমতা ফিরিয়েছে স্বাগতিকরা। টস জিতে নিউজিল্যান্ডকে ব্যাটিংয়ে পাঠায় দক্ষিণ আফ্রিকা। ওপেনার ডেভন কনওয়ের ব্যাটে চড়ে ৬ উইকেটে ১৭৫ রানের সংগ্রহ দাঁড় করায় নিউজিল্যান্ড। কনওয়ে ৪৯ বলে ৫ বাউন্ডারি আর ২ ছক্কায় খেলেন ৬০ রানের ইনিংস। এছাড়া নিক কেলি ১২ বলে ২১, মিচেল স্যান্টনার ১৪ বলে ২০ আর শেষদিকে কোলে ম্যাকনচি ১২ বলে অপরাজিত ১৮ আর জশ ক্লার্কসেন ৯ বলেই খেলেন ২৬ রানের ক্যামিও। দক্ষিণ আফ্রিকার উইয়ান মুল্ডার নেন ২টি উইকেট। জবাবে ১৫.৩ ওভারে ১০৭ রানেই গুটিয়ে যায় দক্ষিণ আফ্রিকা। একমাত্র লড়াই করতে পেরেছেন জর্জ লিন্ডে। শেষ ব্যাটার হিসেবে তিনি আউট হন ১২ বলে ৩টি করে চার-ছক্কায় ৩৩ রান করে। বাকিরা কেউ বিশের ঘরও ছুঁতে পারেননি। নিউজিল্যান্ডের লুকি ফার্গুসন আর বেন সিয়ার্স নেন ৩টি করে উইকেট। দুটি উইকেট শিকার মিচেল স্যান্টনার। এমএমআর