এসএসপিএল আন্তর্জাতিক দাবায় চ্যাম্পিয়ন ঢা বি'র সুব্রত বিশ্বাস

বাংলাদেশ দাবা ফেডারেশনের উদ্যোগে আয়োজিত এসএসপিএল আন্তর্জাতিক ফিদে রেটিং দাবা প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ফিদে মাস্টার সুব্রত বিশ্বাস। ১০ মার্চ থেকে শুরু হওয়া সুইস লিগ পদ্ধতির ৯ রাউন্ড ক্ল্যাসিক্যাল ম্যাচে ৮ পয়েন্ট পেয়েছেন দাবা অঙ্গনের ‘ডার্ক হর্স’ খ্যাত এই উদীয়মান দাবাড়ু। সুব্রত বিশ্বাসের জন্ম মহুয়া-মলুয়ার অঞ্চল খ্যাত ময়মনসিংহের সদর থানার তালতলায়। ২০০২ সালে জন্মগ্রহণ করা এই দাবাড়ু ২০১৮ সালে ক্যান্ডিডেট মাস্টার এবং ২০২০ সালে ফিদে মাস্টার নর্ম অর্জন করেন। তার পিতার নাম সুবল চন্দ্র বিশ্বাস এবং মাতা স্বর্গীয় দিপালী রানি বিশ্বাস। ফিদে মাস্টার সুব্রত ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের প্রথম বর্ষের শিক্ষার্থী। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় দাবা ক্লাবের একজন সক্রিয় সদস্য এবং নবাগত দাবাড়ুদের প্রশিক্ষণ দিয়ে থাকেন। জাগো নিউজের সঙ্গে আলাপকালে সুব্রত বিশ্বাস জানান, মাত্র ৯ বছর বয়সে বন্ধু দীপক দাসের মাধ্যমে দাবার সাথে তার প্রথম পরিচয় ঘটে। দাবার বোর্ডে ঘোড়া (নাইট) ঘুটির ভেলকিতে প্রথম আগ্রহ জন্মায়। এরপর ব্রহ্মপুত্র নদের তীরবর্তী বিপিন পার্ক এলাকায় বহুবর্ষী বটবৃক্ষের ছায়ায় আয়োজিত একটি টুর্নামেন্ট খেলার মাধ্যমে তার প্রতিযোগিতামূলক দাবায় যাত্রা শুরু হয়। সুব্রতর পছন্দের খেলোয়াড় বিশ্ব দাবা চ্যাম্পিয়ন রবার্ট জেমস ফিশার (ববি ফিশার)। নিজের খেলার সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, সাদা ঘুটি নিয়ে কিংস পন ওপেন এবং কালো ঘুটি নিয়ে নিয়ে নিমজো ইন্ডিয়ান, ফ্রেন্স, সিসিলিয়ান, কারুকান ইত্যাদি ডিফেন্স খেলে থাকেন। দাবা নিয়ে ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে জানতে চাইলে সুব্রত জানান, আগামীতে তিনি গ্রান্ড মাস্টার নর্ম অর্জন করতে চান। তবে দেশে প্রয়োজনের তুলনায় কম টুর্নামেন্ট আয়োজন এবং বিদেশে খেলার তেমন সুযোগ না থাকার মত প্রতিবন্ধকতার কথাও তুলে ধরেন এই দাবাড়ু। নবম রাউন্ডের কয়েকটি খেলা এখনো চলমান রয়েছে। দ্বিতীয়-তৃতীয় অবস্থানের জন্য লড়াই করছেন আন্তর্জাতিক মাস্টার ফাহাদ রহমান, মনন রেজা নীড় এবং ফিদে মাস্টার সাকলাইন মোস্তফা সাজিদ ও তাহসিন তাজওয়ার জিয়া। কেএম/আইএইচএস/