চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) পরিচ্ছন্নতাকর্মীদের মাঝে ঈদ উপহার বিতরণ করা হয়েছে। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে মেয়র ডা. শাহাদাত হোসেন বলেছেন, চট্টগ্রামকে ক্লিন সিটি হিসেবে গড়ে তোলা আমাদের লক্ষ্য। এই লক্ষ্য অর্জনে পরিচ্ছন্নতাকর্মীদের ভূমিকা সবচেয়ে গুরুত্বপূর্ণ। মঙ্গলবার (১৭ মার্চ) দুপুরে নগরের কাজীর দেউড়ি এলাকার একটি কনভেনশন সেন্টারে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে তিনি এ উপহার বিতরণ করেন। চসিক সূত্র জানায়, এবার ৩ হাজার ২৭০ জন পরিচ্ছন্নতাকর্মীকে ৫ হাজার টাকা করে ঈদ উপহার দেওয়া হচ্ছে। অনুষ্ঠানে ডা. শাহাদাত হোসেন বলেন, পরিচ্ছন্নতাকর্মীরাই একটি শহরের সৌন্দর্য রক্ষার মূল চালিকাশক্তি। তাদের নিরলস পরিশ্রমেই নগরবাসী একটি বাসযোগ্য পরিবেশ পান। প্রধানমন্ত্রীর পক্ষ থেকে দেওয়া এই ঈদ উপহার কর্মীদের কাজের স্বীকৃতি এবং তাদের মনোবল বাড়াবে। মেয়র জানান, দায়িত্ব নেওয়ার পর থেকে নগরের পরিচ্ছন্নতা কার্যক্রমে কিছু পরিবর্তন আনা হয়েছে। বিশেষ করে রাতে বর্জ্য অপসারণ জোরদার করায় সার্বিক পরিচ্ছন্নতায় উন্নতি এসেছে। তবে এখনো কিছু সমস্যা রয়ে গেছে। ময়লা পরিবহনের সময় রাস্তায় বর্জ্য পড়ে যাওয়া এবং দ্রুতগতিতে গাড়ি চালানোর কারণে দুর্ঘটনার ঝুঁকির বিষয়টি উল্লেখ করে সংশ্লিষ্টদের সতর্ক থাকার নির্দেশ দেন তিনি। পরিচ্ছন্নতাকর্মীদের সুরক্ষা সরঞ্জাম ব্যবহারের আহ্বান জানিয়ে মেয়র বলেন, এসব সরঞ্জাম তাদের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি নগরের ভাবমূর্তি উন্নত করবে। নগরবাসীর উদ্দেশ্যে তিনি বলেন, বর্জ্য ব্যবস্থাপনা উন্নয়নে চসিক বিভিন্ন পরিকল্পনা নিয়েছে। বর্জ্য থেকে সম্পদ উৎপাদনের লক্ষ্যে রিসাইক্লিং, বায়োগ্যাস, গ্রিন ডিজেল ও বিদ্যুৎ উৎপাদনের উদ্যোগ নেওয়া হয়েছে। তিনি আরও জানান, বাসা থেকে সরাসরি বর্জ্য সংগ্রহের উদ্যোগটি আপাতত বন্ধ থাকলেও চসিক নিজস্ব ব্যবস্থাপনায় বিনা খরচে এ কার্যক্রম পরিচালনার পরিকল্পনা করছে। মেয়রের একান্ত সহকারী মারুফুল হক চৌধুরী মারুফের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবুল হাশেম বক্কর, চসিকের ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা ও সচিব মো. আশরাফুল আমিন, প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা ক্যাপ্টেন ইখতিয়ার উদ্দিন আহমেদ চৌধুরী, প্রধান শিক্ষা কর্মকর্তা ড. কিসিঞ্জার চাকমা, প্রধান প্রকৌশলী আনিসুর রহমান, প্রধান হিসাবরক্ষণ কর্মকর্তা হুমায়ুন কবির চৌধুরী, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. মো. ইমাম হোসেন রানা, সিডিএর বোর্ড সদস্য জাহিদুল করিম কচি, ম্যালেরিয়া ও মশক নিয়ন্ত্রণ কর্মকর্তা শরফুল ইসলাম মাহি, উপপ্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা প্রণব কুমার শর্মাসহ চসিকের কর্মকর্তা- কর্মচারীরা। এমআরএএইচ/বিএ