দেশব্যাপী নদী-নালা-খাল ও জলাধার খনন এবং পুনঃখনন কর্মসূচির অংশ হিসেবে খুলনার ডুমুরিয়া উপজেলার গুটুদিয়া ইউনিয়নে টিয়াবুনিয়া খাল খনন কাজের উদ্বোধন করা হয়েছে। দীর্ঘদিনের জলাবদ্ধতা নিরসন ও কৃষি উৎপাদন বাড়াতে এই প্রকল্পকে গুরুত্বপূর্ণ হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।মঙ্গলবার আনুষ্ঠানিকভাবে ১.৭০ কিলোমিটার দীর্ঘ টিয়াবুনিয়া খাল খনন কার্যক্রম শুরু হয়। এ প্রকল্পে ব্যয় ধরা হয়েছে প্রায় ৩৮ লাখ ৭৫ হাজার টাকা। নির্ধারিত সময় অনুযায়ী আগামী ২০২৭ সালের এপ্রিল মাসে কাজ শেষ হওয়ার কথা রয়েছে।স্থানীয় প্রশাসন ও পানি উন্নয়ন বোর্ড সূত্রে জানা গেছে, খালটি দখলমুক্ত করে পুনঃখননের মাধ্যমে এলাকার পানি নিষ্কাশন ব্যবস্থা উন্নত হবে। এতে বর্ষা মৌসুমে জলাবদ্ধতা কমবে এবং কৃষিজমি চাষের উপযোগী হয়ে উঠবে।আরও পড়ুন: শিক্ষার্থীদের আন্দোলনের মুখে সরিয়ে দেয়া অধ্যাপক মাছুদ আবারও কুয়েট উপাচার্যউদ্বোধনী অনুষ্ঠানে জাতীয় সংসদের হুইপ রকিবুল ইসলাম বলেন, এলাকার খালগুলো দখলমুক্ত করা গেলে ডুমুরিয়া অঞ্চলের দীর্ঘদিনের জলাবদ্ধতা দূর হবে এবং কৃষি খাত আরও শক্তিশালী হবে। একইসঙ্গে তিনি খাল রক্ষায় অবৈধ দখল ও দূষণের বিরুদ্ধে সংশ্লিষ্টদের সতর্ক থাকার আহ্বান জানান।অনুষ্ঠানে স্থানীয় কৃষক, মৎস্যচাষিরা বলেন, দক্ষিণাঞ্চলের অনেক এলাকায় খাল দখল ও ভরাট হয়ে যাওয়ায় প্রাকৃতিক পানি প্রবাহ বাধাগ্রস্ত হচ্ছে। ফলে জলাবদ্ধতা, ফসলহানি ও জনদুর্ভোগ বাড়ছে। এই কর্মসূচির মাধ্যমে খালগুলো পুনরুদ্ধার করা গেলে স্থানীয় অর্থনীতি ও কৃষি খাত নতুন গতি পাবে।সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, পর্যায়ক্রমে খুলনা অঞ্চলের অন্যান্য খালও দখলমুক্ত করে পুনঃখননের আওতায় আনা হবে। এর মাধ্যমে একটি টেকসই পানি ব্যবস্থাপনা গড়ে তোলার পরিকল্পনা রয়েছে সরকারের।