আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে চাঁদপুরে দিন এনে দিন খাওয়া অতিদরিদ্র দুই লক্ষাধিক মানুষের মাঝে ভিজিএফ প্রকল্পের আওতায় বিনামূল্যে ১০ কেজি করে চাল বিতরণ করা হয়েছে। রোজার শেষ ভাগে এবং ঈদের ঠিক আগে বর্তমান সরকারের প্রধানমন্ত্রীর এই মানবিক উপহার পেয়ে হাসি ফুটেছে নিম্ন আয়ের এসব মানুষের মুখে।মঙ্গলবার (১৭ মার্চ) দুপুরে চাঁদপুর পৌরসভা প্রাঙ্গণে এই চাল বিতরণ কার্যক্রম সম্পন্ন করেন জেলা প্রশাসক নাজমুল ইসলাম সরকার। চাল বিতরণ শেষে জেলা প্রশাসক সময় সংবাদকে বলেন, 'বর্তমান সরকার ঈদের আগেই এ ধরনের যে মানবিক কাজ করেছে, তা মাইলফলক হিসেবে কাজ করবে। জেলার ৮টি উপজেলা এবং ৮টি পৌরসভার ২ লাখ ১ হাজার মানুষ অতিদরিদ্র সীমার নিচে বাস করে। এমন পরিবারের সদস্যরা ঈদের আগেই বিনামূল্যে প্রধানমন্ত্রীর মানবিক উপহারের এই চাল পেয়ে দারুণ খুশি হয়েছেন।' আরও পড়ুন: ঈদ আসলেই বাড়ে চাঁদপুরের লাচ্ছা সেমাইয়ের চাহিদা, দিনে তৈরি হচ্ছে ৫ মেট্রিক টন ভিজিএফ প্রকল্পের আওতায় ঈদের আগে বিনামূল্যে এই চাল সহায়তা পেয়ে দারুণ খুশি অতিদরিদ্র পরিবারের মানুষজন। চাল নিতে আসা বেশ কয়েকজন উপকারভোগী জানান, এই সহায়তা পাওয়ার কারণে তাদের ঈদের কষ্ট কিছুটা হলেও লাঘব হবে। সময়মতো এমন উদ্যোগ নেয়ার জন্য সরকারকে ধন্যবাদ জানান তারা। খোঁজ নিয়ে জানা গেছে, গত তিন দিনে চাঁদপুর জেলায় দুই লাখ এক হাজার অতিদরিদ্র পরিবারের মাঝে মোট দুই হাজার ১০ মেট্রিক টন চাল বিতরণ করা হয়েছে। চাঁদপুর পৌরসভায় চাল বিতরণ অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন চাঁদপুর পৌরসভার প্রশাসক মোহাম্মদ এরশাদ উদ্দিন, প্রধান নির্বাহী কর্মকর্তা হিমাদ্রি খীসা এবং জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা জাহিদ হাসানসহ প্রশাসনের অন্যান্য কর্মকর্তারা।