কুয়েতে ওমরাহ সেবায় বিশেষ সম্মাননা পেলেন চার বাংলাদেশি উদ্যোক্তা

কুয়েত থেকে পবিত্র ওমরাহ পালনের উদ্দেশ্যে সৌদি আরবে যাত্রী প্রেরণে শ্রেষ্ঠ সেবাদাতা হিসেবে চার বাংলাদেশি উদ্যোক্তা সম্মাননা অর্জন করেছেন। অন্যান্য দেশের নাগরিকদের পাশাপাশি তাদের এই স্বীকৃতি দেওয়া হয়।গত রোববার (১৫ মার্চ) কুয়েতের আবু হোসাইনিয়া সিটির খরোপ হোটেলে ওমরাহ অ্যাসোসিয়েশন কুয়েত-এর উদ্যোগে অনুষ্ঠিত এক ইফতার মাহফিলে তাদের হাতে এই সম্মাননা তুলে দেয়া হয়। অনুষ্ঠানে কাজী ওমরাহ সার্ভিসের পরিচালক কাজী মোহাম্মদ ইকবালের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শরিকা মজমুওয়া লাব্বাইক আল খায়ের কোম্পানির প্রধান নির্বাহী (সিইও) ফাওয়াজ কুজায়েম আল কুজায়েম। তিনি নির্বাচিত সেবাদাতাদের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন। সম্মাননা প্রাপ্ত বাংলাদেশি উদ্যোক্তারা হলেন কাজী মোহাম্মদ ইকবাল, মোহাম্মদ গোলাম সারোয়ার, আমির হোসেন এবং মোহাম্মদ ফেরদৌস। আরও পড়ুন: জাপানে ধর্মীয় সহাবস্থানের প্রতীক টোকিও কামি মসজিদ জানা যায়, কুয়েতে বিশ্বের বিভিন্ন দেশের নাগরিক বসবাস করেন এবং সেখান থেকে স্থল ও আকাশপথে ওমরাহ পালনের জন্য যাত্রী প্রেরণে বহু আন্তর্জাতিক প্রতিষ্ঠান সক্রিয়ভাবে কাজ করছে। এই প্রতিযোগিতামূলক পরিবেশেও বাংলাদেশি প্রতিষ্ঠানগুলো সুনাম, বিশ্বস্ততা এবং মানসম্মত সেবার মাধ্যমে নিজেদের শক্ত অবস্থান গড়ে তুলেছে। সংশ্লিষ্টরা জানান, দীর্ঘদিন ধরে নিষ্ঠা ও পেশাদারিত্বের সঙ্গে ওমরাহ সেবা প্রদান করে আসার স্বীকৃতি হিসেবেই আন্তর্জাতিক পর্যায়ে অন্যান্য দেশের প্রতিষ্ঠানের পাশাপাশি বাংলাদেশি উদ্যোক্তারা এই সম্মাননা অর্জন করেছেন। কমিউনিটির নেতৃবৃন্দ মনে করছেন, প্রবাসে বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল করার পাশাপাশি ধর্মীয় সেবাখাতে এই অর্জন প্রবাসী বাংলাদেশি সমাজের জন্য গর্বের বিষয়। আরও পড়ুন: দক্ষিণ কোরিয়ায় সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল বাংলাদেশি শিক্ষার্থীর