ব্রাহ্মণবাড়িয়া শহরে অস্ত্রের মুখে জিম্মি করে এক গৃহবধূর স্বর্ণালংকার ছিনিয়ে নিয়েছে দুর্বৃত্তরা। ছিনতাইয়ের শিকার ওই গৃহবধূর নাম রিংকু পাল। তিনি সময় টেলিভিশনের চিত্র সাংবাদিক হৃদয় পালের মা। এ ঘটনায় ছিনতাইকারীদের ধারালো অস্ত্রের আঘাতে তিনি আহত হয়েছেন।মঙ্গলবার (১৭ মার্চ) সকালে শহরের পূর্ব পাইকপাড়া ও কালাইশ্রী পাড়ার মধ্যবর্তী শনি মন্দিরের সামনে এ ঘটনা ঘটে। ভুক্তভোগী রিংকু পাল এলাকার কৃষ্ণধন পালের স্ত্রী। তারা সেখানে একটি ভাড়া বাসায় বসবাস করেন। ভুক্তভোগী রিংকু পাল জানান, প্রতিদিনের মতো মঙ্গলবার সকালে পূজার ফুল সংগ্রহ করার জন্য তিনি প্রতিবেশীর বাড়ির দিকে যাচ্ছিলেন। শনি মন্দির এলাকায় পৌঁছামাত্র আগে থেকে ওঁত পেতে থাকা দুই ছিনতাইকারী ধারালো অস্ত্র দেখিয়ে তার কানে থাকা স্বর্ণের দুল ও নাকের নাকফুল ছিনিয়ে নেয়। তিনি আরও জানান, স্বর্ণালংকার ছিনিয়ে নেয়ার সময় ছিনতাইকারীদের ধারালো অস্ত্রের আঁচড়ে তার কপাল কেটে যায়। এতে তিনি আহত হন। এ ঘটনার সাথে জড়িতদের গ্রেফতার ও বিচার দাবি করেন তিনি। ছিনতাইয়ের এই ঘটনার পর গৃহবধূ রিংকু পালের বড় ছেলে ও সময় টেলিভিশনের চিত্র সাংবাদিক হৃদয় পাল বাদী হয়ে সদর মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগের পাশাপাশি তিনি ব্যক্তিগতভাবে সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে থানায় জমা দিয়েছেন। মায়ের সাথে ঘটে যাওয়া এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করে দ্রুত ছিনতাইকারীদের গ্রেফতার ও লুণ্ঠিত স্বর্ণালংকার উদ্ধারের দাবি জানান তিনি। আরও পড়ুন: এক চা দোকানির অপরাধে শত মানুষের পানির লাইন বন্ধ করল পৌরসভা! স্থানীয়রা জানান, এলাকায় চুরি ও ছিনতাইয়ের ঘটনা ব্যাপকভাবে বেড়ে গেছে। তবে পুলিশের পক্ষ থেকে অপরাধীদের ধরার ব্যাপারে তেমন কোনো তৎপরতা দেখা যাচ্ছে না। পূর্ব পাইকপাড়া এলাকায় চুরি-ছিনতাইয়ের পাশাপাশি মাদকসেবী ও বিক্রেতাদের দৌরাত্ম্যও বেড়েছে। সম্প্রতি জেলা ছাত্রদলের সদস্যসচিব সমীর চক্রবর্তী বিপুল পরিমাণ ইয়াবাসহ এক মাদক কারবারিকে আটক করে পুলিশের সোপর্দ করেছেন। এ বিষয়ে ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহীদুল ইসলাম বলেন, ‘আমরা একটি অভিযোগ পেয়েছি। তদন্ত করে এ ব্যাপারে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।’