রাজধানীর বাংলা কলেজ এলাকার এক ভাসমান চা দোকানের ছোট্ট সহকারী ছয় বছরের শিশু ফাতেমা ও তার নানির জন্য ঈদ উপহার পাঠিয়েছেন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।মঙ্গলবার (১৭ মার্চ) সন্ধ্যায় রাজধানীর তালতলা এলাকায় ‘আমরা বিএনপি পরিবার’-এর নেতারা ফাতেমাদের হাতে এসব উপহার তুলে দেন। সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়, তারেক রহমানের শুভেচ্ছা বার্তাও এ সময় পৌঁছে দেওয়া হয়। উপহারসামগ্রীর মধ্যে ছিল শিশুটির জন্য নতুন পোশাক, জুতা ও প্রয়োজনীয় সামগ্রী এবং তার নানির জন্য শাড়ি ও ঈদ উপহার। এ সময় উপস্থিত ছিলেন ‘আমরা বিএনপি পরিবার’-এর সদস্য সচিব কৃষিবিদ মোকছেদুল মোমিন মিথুন, সদস্য মাসুদ রানা লিটন, মুস্তাকিম বিল্লাহ, শাকিল আহমেদ ও ফরহাদ আলী সজীবসহ সংগঠনের অন্য নেতারা। আরও পড়ুন: চাঁদপুরে প্রধানমন্ত্রীর ঈদ উপহার পেল ২ লক্ষাধিক পরিবার সম্প্রতি বাংলা কলেজের সামনে নানির চা দোকানে সহায়তা করার সময় রাস্তা পার হতে গিয়ে আহত হয় ফাতেমা। পরে দায়িত্বে থাকা এক পুলিশ সার্জেন্ট তাকে তাৎক্ষণিক চিকিৎসা সেবা দেন। ঘটনাটির একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি ব্যাপক আলোচনায় আসে এবং পরবর্তীতে তা তারেক রহমানের নজরে আসে।