ব্রাহ্মণবাড়িয়ায় কাভার্ড ভ্যান চাপায় সিএনজি চালক নিহত

ব্রাহ্মণবাড়িয়ায় কাভার্ড ভ্যানের চাপায় সিএনজিচালিত অটোরিকশার চালক আশিক (৫৫) নিহত হয়েছেন।মঙ্গলবার (১৭ মার্চ) রাত সাড়ে ৯টার দিকে সদর উপজেলার ঢাকা-সিলেট মহাসড়কের মালিহাতা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত আশিক সদর উপজেলার বুধল ইউনিয়নের মালিহাতা পশ্চিমপাড়া গ্রামের ইরা মিয়ার ছেলে। আরও পড়ুন: বাগেরহাটে পিকআপচাপায় পথচারী নিহত পুলিশ ও স্থানীয়রা জানান, মঙ্গলবার রাতে মালিহাতা এলাকায় একটি সিএনজিচালিত অটোরিকশা পাম্প থেকে গ্যাস নিয়ে ব্রাহ্মণবাড়িয়ার দিকে ফিরছিল। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি কাভার্ড ভ্যান সেটিকে চাপা দিলে ঘটনাস্থলেই চালক আশিকের মৃত্যু হয়। তখন অটোরিকশাটি খালি থাকায় আর কোনো হতাহতের ঘটনা ঘটেনি। দুর্ঘটনার পর উত্তেজিত স্থানীয়রা কাভার্ড ভ্যানটিতে আগুন ধরিয়ে দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে আগুন নিয়ন্ত্রণে এনে কাভার্ড ভ্যানটি জব্দ করে থানায় নেয়া হয়। খাঁটিহাটা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহাঙ্গীর আলম জানান, নিহতের মরদেহ উদ্ধার করে থানায় নেয়া হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হবে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।