যশোরের পুটখালী সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে যাওয়া ২ জন বাংলাদেশি নাগরিককে ফেরত দিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।মঙ্গলবার (১৭ মার্চ) বিকেলে পুটখালীর চরের মাঠ নামক স্থানে পতাকা বৈঠকের মাধ্যমে তাদের বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) কাছে হস্তান্তর করা হয়। ফেরত আসা দুই বাংলাদেশি হলো নড়াইলের কালিয়া উপজেলার চন্ডিনগর গ্রামের মফিজুর রহমানের ছেলে জামিরুল (৪০) ও জামিরুলের ছেলে নাঈম (৩)। আরও পড়ুন: ভারতে পাচারের শিকার ৭ বাংলাদেশিকে হস্তান্তর বিজিবি সূত্রে জানা যায়, আটক ব্যক্তিরা প্রায় তিন মাস আগে যশোর সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশ করেন। এরপর ১৬ মার্চ সন্ধ্যায় বাংলাদেশে ফেরার সময় ভারতের ১৭২ বিএসএফ ব্যাটালিয়ন তাদের আটক করে। পরে উভয় দেশের কোম্পানি কমান্ডার পর্যায়ের পতাকা বৈঠকের মাধ্যমে মঙ্গলবার তাদের দেশে ফেরত আনা হয়। ২১ বিজিবি ব্যাটালিয়নের পুটখালী ক্যাম্পের সুবেদার তরিকুল ইসলাম জানান, ফেরত আসা দুই বাংলাদেশির মধ্যে অপ্রাপ্তবয়স্ক শিশুকে তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে এবং তার বাবাকে থানায় সোপর্দ করা হয়েছে।