কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার সন্তোষপুর ইউনিয়ন সীমান্তে আকাশে মিসাইলের মতো উজ্জ্বল একটি আলোক বস্তুকে ঘিরে সাধারণ মানুষের মধ্যে তীব্র কৌতূহল দেখা দিয়েছে।গত পরশু সন্ধ্যার পর এবং মঙ্গলবার (১৭ মার্চ) বিকেলেও আকাশে মিসাইলের মতো দ্রুতগতির উজ্জ্বল আলোকবিন্দু দেখা যাওয়ায় সীমান্ত এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানান, মঙ্গলবার বিকেলে হঠাৎ করে উত্তর দিক থেকে দক্ষিণমুখী একটি উজ্জ্বল বস্তু আকাশে ছুটে যেতে দেখা যায়। পেছনে আগুন বা ধোঁয়ার মতো লম্বা লেজ থাকায় অনেকেই এটিকে মিসাইল ভেবে মনে করছেন। সীমান্তবর্তী এলাকা হওয়ায় খবরটি মুহূর্তেই ছড়িয়ে পড়ে। সন্তোষপুর ইউনিয়নের বাসিন্দা আব্দুল করিম বলেন, `হঠাৎ দেখি আকাশে আগুনের মতো একটি জিনিস খুব দ্রুত চলে গেলো। পেছনে ধোঁয়ার মতো লম্বা লেজ ছিল। আমরা ভয় পেয়ে গেছি, মনে হচ্ছিল এটা মিসাইল।' আরও পড়ুন: সিসিটিভিতে দেখা গেল ‘কুকুর সদৃশ রোবট’, কুড়িগ্রাম সীমান্তে কৌতূহল আরেক বাসিন্দা রফিকুল ইসলাম বলেন, `দুই দিন ধরে একই ধরনের জিনিস দেখছি। আগে কখনও এমন দেখিনি। সীমান্ত এলাকা হওয়ায় সবাই কিছুটা ভয়ে আছি।' এর আগে, গত পরশু সন্ধ্যার পরও একই ধরনের দৃশ্য দেখা গিয়েছিল বলে এলাকাবাসী জানিয়েছেন। এতে ঘটনাটি আরও রহস্যময় হয়ে উঠেছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও ও ছবিতে দেখা যায়, অত্যন্ত উচ্চতায় একটি উজ্জ্বল বিন্দু দ্রুত আকাশ অতিক্রম করছে এবং পেছনে দীর্ঘ আলোর রেখা রেখে যাচ্ছে। তবে আকাশে উড়ন্ত এই উজ্জ্বল আলোক বস্তুটি আসলে কী, তা এখনও কোনো সূত্রে নিশ্চিত হওয়া যায়নি।