নরসিংদীতে দুই যুবকের মরদেহ উদ্ধার

নরসিংদীর পলাশ উপজেলার ঘোড়াশালে একই গ্রামের পৃথক স্থান থেকে শেখ শরিফ (২৭) ও মুসান্না গালিব মিম (২৮) নামে দুই যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (১৭ মার্চ) রাতে ঘোড়াশাল পৌরসভার বাগপাড়া এলাকার তাদের নিজ বাড়ি থেকে মরদেহ দুটি উদ্ধার করা হয়। নিহত শেখ শরিফ ঘোড়াশাল পৌর এলাকার বাগপাড়া গ্রামের বাশির উদ্দিন শেখের ছেলে ও মুসান্না মিম গালিব একই গ্রামের আমিরুল ইসলামের ছেলে। পুলিশ ও স্থানীয়রা জানায়, মুসান্না গালিব মিম তার বাগপাড়া বাড়িতে একা থাকতেন। তিনি ফ্রিল্যান্সিং করতেন। মঙ্গলবার রাতে তার বাড়ি থেকে দুর্গন্ধ বের হওয়ায় স্থানীয়রা পুলিশে খবর দেয়। পরে পুলিশ এসে ঘর থেকে তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করে। এর কিছুক্ষণ পর একই গ্রামের শরিফের বাড়ির লোকজন তার কোনো সাড়া না পেয়ে রুমের মধ্যে ঝুলন্ত অবস্থায় পায়। পরে খবর পেয়ে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে। শরিফ লেখাপড়া শেষ করে বাড়িতেই থাকতেন। পলাশ থানার পরিদর্শক (তদন্ত) কুতুব উল আলম জানান, ধারণা করা হচ্ছে মুসান্না মিম গালিবের মৃত্যু আরও চার-পাঁচ দিন আগে হয়েছে। তার মরদেহ থেকে গন্ধ ছড়িয়ে পড়েছে। আর শেখ শরিফের মঙ্গলবার মৃত্যু হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে তারা দুজনেই আত্মহত্যা করেছেন। তবে কী কারণে এ ঘটনা ঘটেছে তা তদন্তের পর জানা যাবে। তাদের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতাল মর্গে পাঠানো হবে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও তিনি জানান। সঞ্জিত সাহা/এফএ/এমএস