ভোমরা বন্দরে ১০ দিন বন্ধ আমদানি-রফতানি, পাসপোর্টধারী যাত্রীর চলাচল স্বাভাবিক

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে আজ বুধবার (১৮ মার্চ) থেকে টানা ১০ দিন ভোমরা স্থলবন্দরে আমদানি-রফতানি কার্যক্রম বন্ধ থাকবে। তবে পাসপোর্টধারী যাত্রীদের চলাচল স্বাভাবিক রয়েছে।ভোমরা সিএন্ডএফ এজেন্টস অ্যাসোসিয়েশন এক সভায় উভয় দেশের সিএন্ডএফ এজেন্টদের সঙ্গে আলোচনা করে এই দীর্ঘ ছুটির সিদ্ধান্ত নিয়েছে। অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক আবু মুছা জানান, ১৮ মার্চ থেকে ২৭ মার্চ পর্যন্ত সাতক্ষীরার ভোমরা কাস্টমস হাউসে আমদানি-রফতানি বন্ধ থাকবে। ফলে এই ১০ দিনে ভারত ও বাংলাদেশের মধ্যে কোনো পণ্যবাহী ট্রাক চলাচল করবে না। সীমান্ত দিয়ে বাণিজ্য আবার শুরু হবে ২৮ মার্চ থেকে। বাণিজ্যিক কার্যক্রম বন্ধ থাকলেও সীমান্তের চেকপোস্টে তালা পড়ছে না। ভোমরা ইমিগ্রেশন পুলিশের ওসি রাশেদুজ্জামান জানিয়েছেন, পাসপোর্টধারী যাত্রীদের যাতায়াত স্বাভাবিক থাকবে। যারা প্রিয়জনের সঙ্গে ঈদ করতে সীমান্ত পাড়ি দেবেন, তাদের জন্য ইমিগ্রেশন সেবা উৎসবের দিনগুলোতেও চালু থাকবে। আরও পড়ুন: ঈদের ছুটিতেও চালু থাকবে কাস্টমস হাউস, আমদানি-রফতানি সচল রাখতে নতুন নির্দেশনা ভোমরা স্থলবন্দর কর্তৃপক্ষের উপ-পরিচালক মামুন কবির তরফদার জানান, সরকারি ছুটির কারণে এই দীর্ঘ বিরতি। তবে কাস্টমস কমিশনার মুশফিকুর রহমান জানিয়েছেন, আমদানি-রফতানি বন্ধ থাকলেও বন্দর ও কাস্টমস হাউসের অভ্যন্তরীণ কিছু দাফতরিক কাজ সীমিতভাবে চলবে। ঈদের এই ছুটি বাণিজ্যের প্রবাহে সাময়িক বিরতি আনলেও, বন্দরের শ্রমিক ও ব্যবসায়ীদের জন্য এটি বিশ্রামের সুযোগ। ২৮ মার্চ সকালে নতুন সূর্যের সঙ্গে ভোমরা বন্দর আবার ফিরে পাবে তার চিরচেনা প্রাণচাঞ্চল্য।