এবারের ঈদযাত্রা স্বস্তির হবে: সেতু প্রতিমন্ত্রী

নৌ-পরিবহন মন্ত্রণালয় ও সেতু বিভাগের প্রতিমন্ত্রী রাজিব আহসান বলেছেন, মন্ত্রণালয়ের কর্মকর্তাসহ পুলিশ বিভাগ ও অন্যন্য আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা দিনরাত অক্লান্ত পরিশ্রম করছেন। সড়কের কোথাও যানজট পাইনি। পোশাক কারখানা ছুটি হবে বুধবার, আমরা খুবই আশাবাদী এই রকম পরিস্থিতি থাকবে। আগামীকাল যদি পার হয়ে যায় তাহলে এবারের ঈদযাত্রা স্বস্তির ও আনন্দদায়ক হবে। মঙ্গলবার (১৭ মার্চ) রাত সাড়ে ১১টার দিকে ঈদযাত্রার সার্বিক পরিস্থিতি নিয়ে যমুনা সেতু পরিদর্শন শেষে তিনি এসব কথা বলেন। রাজিব আহসান বলেন, আমরা মালিক পক্ষের সঙ্গে আলাপ করেছি। এবার ১০ ভাগ ভাড়া কম নেওয়া হচ্ছে। প্রতিটি নৌযানে তা টাঙিয়ে দেওয়া হয়েছে। সবাই মিলে এ যাত্রাটি নির্বিঘ্ন করার চেষ্টা করছি৷ এখন পর্যন্ত আমরা তেমন কোনো অভিযোগ পাইনি। যদি পাই সে বিষয়ে কার্যকর ব্যবস্থা নেবো। অতিরিক্ত ভাড়া কিংবা অন্য কোনো অনৈতিক কাজের সুযোগ নেই৷ এসময় উপস্থিত ছিলেন যমুনা সেতু সাইট অফিসের নির্বাহী প্রকৌশলী সৈয়দ রিয়াজ উদ্দিন, অতিরিক্ত পুলিশ সুপার শরীফ রেজওয়ান, ফোজিয়া হাবিব খান, কালিহাতি উপজেলার নির্বাহী কর্মকর্তা খায়রুল ইসলামসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা। আব্দুল্লাহ আল নোমান/এনএইচআর/এমএস