চারশো টাকা নিয়ে দ্বন্দ্ব, ইটের আঘাতে প্রাণ গেলো ব্যবসায়ীর

খুলনার রুপসা উপজেলায় চারশো টাকা পাওনা নিয়ে দুই ব্যবসায়ীর বাগবিতণ্ডার সময় একজনের ইটের আঘাতে অন্যজন নিহত হয়েছেন। নিহত ব্যক্তি পেশায় একজন চা বিক্রেতা। মঙ্গলবার (১৭ মার্চ) বিকালে খুলনার রূপসা উপজেলার শ্রীফলতলা ইউনিয়নের ভবানীপুর বাজারে এ ঘটনা ঘটে। নিহত চা বিক্রেতার নাম দ্বীন মোহাম্মদ। তিনি ভবানীপুর এলাকার মৃত কাশেম ঢালীর ছেলে। স্থানীয়রা ও পুলিশ সূত্রে জানা যায়, ভবানীপুর বাজারে চা বিক্রেতা দ্বীন মোহাম্মদ ও কসাই খায়ের লস্করের মধ্যে চারশো টাকা পাওনা নিয়ে বাগবিতণ্ডা হয়। এসময় কসাই খায়ের লস্কর চা বিক্রেতা দ্বীন মোহাম্মদের মাথায় ইট দিয়ে আঘাত করলে দ্বীন মোহাম্মদ গুরুতর আহত হন। তখন স্থানীয়রা তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। রূপসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক মীর বলেন, দ্বীন মোহাম্মদ হত্যার ঘটনায় কসাই খায়ের লস্করকে ধরতে অভিযান অব্যাহত আছে। আরিফুর রহমান/এফএ/এমএস