ইরাকে মার্কিন সেনাদের লক্ষ্য করে ইরানের ছোড়া মিসাইলে মুন্সীগঞ্জের হবি পাইক (৩৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন।হবি পাইক মুন্সীগঞ্জ সদর উপজেলার অধারা ইউনিয়নের বকুলতলা গ্রামের নলি মিয়া পাইকের ছেলে। তিনি স্ত্রী মিতু আক্তার এবং দুই কন্যা আলিশা (১৪) ও হাবিবা (৮) সহ বহু আত্মীয়-স্বজন রেখে গেছেন। তার মৃত্যুতে পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। নিহতের চাচাতো ভাই কাদির গাজি জানান, মিসাইল হামলায় হবির দুটি পা এবং বুকে আঘাত লাগে। গুরুতর আহত অবস্থায় তাকে হাসপাতালে নেয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। আরও পড়ুন: সরকার সব সময় প্রবাসীদের পাশে আছে: প্রবাসী কল্যাণমন্ত্রী প্রায় ১০ বছর আগে ভাগ্য পরিবর্তনের জন্য হবি ইরাকে গিয়েছিলেন। সম্প্রতি ইরাকে মার্কিন ঘাটি লক্ষ্য করে ইরানের ছোড়া মিসাইলে গুরুতর আহত হয়েছিলেন তিনি। স্বজনরা জানিয়েছেন, তারা লাশ দেশে আনার প্রক্রিয়া শুরু করেছেন। মিসাইল হামলায় ইরাকে নিহত হবি পাইকের মৃত্যুর খবর নিশ্চিত করেছেন মুন্সীগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক মুহাম্মদ মোছাব্বেরুল ইসলাম। তিনি বলেন, মিসাইল হামলায় হবির দুটি পা ও বুকে আঘাত লাগে। গুরুতর আহত অবস্থায় তাকে হাসপাতালে নেয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।